× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে: কাদের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ জুন ২০২৪, ০৯:৩০ এএম । আপডেটঃ ১৯ জুন ২০২৪, ০৯:৩১ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেপরোয়া ড্রাইভিং, মোটরবাইক ও ইজিবাইকের কারণে সারাদেশে বেশি দুর্ঘটনা ঘটছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে, এটা খুব দুর্ভাগ্যজনক। ইদানীং যে দুর্ঘটনাগুলো ঘটছে, এসব দুর্ঘটনার চিত্র দেখলে দেখা যাবে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এরপর আছে ইজিবাইক। তারাও বেপরোয়া গতিতে এটি চালাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, সারাদেশে সড়ক-মহাসড়কে তিন চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেওয়ার উপায় নেই। এজন্য সচিবকে দ্রুত নীতিমালা করার জন্য বলা হয়েছে। নীতিমালাটা খুব জরুরি। মানুষের জীবন আগে, জীবিকা পরে। এ ক্ষেত্রে জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।

তিনি বলেন, সড়কে ঈদযাত্রা অনেকটা ভালো হয়েছে। কিন্তু ফিরতি পথের বিষয়টি এখনও রয়েছে। এদিকে অনেকের নজর কম থাকে, তাই দুর্ঘটনাও ঘটে অনেক সময়। তাই ফিরতি পথটাও এখন দেখতে হবে।

‘সেন্টমার্টিন ইস্যুতে সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে’– বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেন্টমার্টিনে যে গুলি এসেছে, তা মিয়ানমার সরকার করেনি। এটা আরাকান আর্মি নামে যে বিদ্রোহীরা আছে, তাদের গুলি। যে কোনো উস্কানির মুখে বাংলাদেশ যুদ্ধে না জড়িয়ে আলাপ-আলোচনায় সমাধানে বিশ্বাসী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে উস্কানির ফাঁদে আমরা পড়তে পারি? আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব ও কর্তব্য আছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.