× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাক বিভাগ

বছরে লোকসান ৭০০ কোটি, বেসরকারি খাতে যেতে পারে জমি-গাড়ি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৪ জুন ২০২৪, ১০:০৫ এএম । আপডেটঃ ০৪ জুন ২০২৪, ১০:০৫ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ডাক বিভাগ প্রতিবছর ৭০০ কোটি টাকা লোকসান দিচ্ছে জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ডাক বিভাগের মোট ৪৬২টি গাড়ি আছে। এর মধ্যে ১৩৫টি অচল। এসব গাড়ি সাত দিনের মধ্যে ঠিক করে কাজে লাগাতে না পারলে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হবে। ডাক বিভাগের জমিগুলোও আমরা প্রয়োজনে বেসরকারি খাতে দেব। তারা লভ্যাংশের অংশ আমাদের পরিশোধ করবে।’ 

মঙ্গলবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত ‘ডাক বিভাগের ই-কমার্স সেবা সম্প্রসারণ ও চিলার চেম্বার ফাংশনাল করা এবং ক্রস বর্ডার ই-কমার্সসংক্রান্ত মতবিনিময় সভায়’ এ কথা জানান তিনি।

মতবিনিময় সভায় জানানো হয়, অদক্ষতা ও অব্যবস্থাপনায় ডাক বিভাগের কোটি কোটি টাকার সার্ভিস ডেলিভারি গাড়ি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কাজে লাগানো যায়নি স্মার্ট সার্ভিস পয়েন্ট, এমনকি সারা দেশে থাকা ডাক বিভাগের মূল্যবান জমিও। এই পরিস্থিতিতে ডাক বিভাগকে বাঁচাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বসে বসে বেতন নেবেন তা হবে না। ৩০ জুনের মধ্যে ঠিক হয়ে যান। নয়তো ব্যবস্থা নেওয়া হবে৷’ 

প্রতিমন্ত্রী জানান, সব গাড়ি ও সার্ভিস পয়েন্ট ছাড়াও প্রয়োজনে ডাক বিভাগের সব জায়গাও বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হবে। চলতি জুনের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে।

মতবিনিময় সভায় ডাক বিভাগ, ডাক অধিদপ্তরের কর্মকর্তা, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ লজিস্টিকস খাতসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.