ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকায় সোমবার ভোর থেকে দমকা হাওয়া বইছে। মঙ্গলবারও থেমে থেমে ঝোড়ো বাতাস বয়ে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঢাকায় সবচেয়ে বেশি বেগে দমকা হাওয়া বয়ে গেছে আজ সকাল ছয়টার দিকে, ঘণ্টায় ৫৯ কিলোমিটার।
ভারী বৃষ্টি হবে কালও: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে আজ সোমবার সকাল থেকে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া আজ সারা রাত এবং আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকবে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান সোমবার বিকেলে বলেন, ঘূর্ণিঝড়টি রোববার রাতে উপকূলে আঘাত হানার পর সেটি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এখন স্থল নিম্নচাপ হিসেবে যশোরে অবস্থান করছে। এর একটি অংশ ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের ওপরে অবস্থান করছে। এর প্রভাবেই ঢাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে ঢাকায় এটাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত।