× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে সরছে, লণ্ডভণ্ড হতে পারে মোংলা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৬ মে ২০২৪, ০৫:৫০ এএম

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে সরছে এবং এটি ওইদিকে আরও সরতে থাকবে। এরপর আজ রোববার (২৬ মে) রাতে এটি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে মোংলার পাশ দিয়ে অতিক্রম করবে। রোববার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় একটি নিম্নচাপের। গতকাল শনিবার এটি গভীর নিম্নচাপে রূপ নেয়। এদিন সন্ধ্যায় রূপ নেয় ঘূর্ণিঝড়ে। এরপর আরও শক্তি সঞ্চার করে রোববার সকালে এটি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশ ও ভারতের উপকূল অতিক্রম করবে তখন এটির গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। আর ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার।

ভারতীয় আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে প্রবল এ ঘূর্ণিঝড়টি। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাত থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

তিনি বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় আজ রাত থেকেই বৃষ্টি শুরু হবে। কাল সারা দিন এই বৃষ্টি থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হবে। রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি আজ (২৬ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ২৬ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
সূত্র: আইএমডি

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.