× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৃষ্টি আরও বাড়তে পারে, কমবে তাপমাত্রা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১০ মে ২০২৪, ০০:৪৫ এএম । আপডেটঃ ১০ মে ২০২৪, ০০:৪৬ এএম

ছবি: সংগৃহীত

তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পর গতকাল বৃহস্পতিবার কিছুটা কমে আসে। তাপমাত্রাও খানিকটা বেড়ে যায়। তবে তাপপ্রবাহ হয়নি কোথাও। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার দেশে বৃষ্টি আগের দিনের চেয়ে বাড়তে পারে। তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। আজ দেশের ছয় বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, গতকাল এর মধ্যে আটটি স্টেশন বাদে আর কোথাও বৃষ্টি হয়নি। আগের ২৪ ঘণ্টায় দেশের ২৪টি স্টেশনে বৃষ্টি হয়েছিল। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৪ মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল মাইজদীকোর্টে ১৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ঝড়বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়া, আবার কমে গরম বেড়ে যাওয়া এখনকার সময়ের বৈশিষ্ট্য। এটা প্রাক্‌-মৌসুমি বায়ুর সময়। এ সময়টায় এমন হয়।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত এপ্রিল মাসের প্রথম দিন থেকে পুরো মাস দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ ছিল। তবে মাসের দ্বিতীয় দিন থেকে বৃষ্টি শুরু হলে তাপপ্রবাহের এলাকা কমতে থাকে। তিন দিন হলো দেশের কোথাও আর তাপপ্রবাহ নেই।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এমন বৃষ্টি এবং মোটামুটি সহনীয় তাপমাত্রা আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.