প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় খেলাধুলাকে সমান সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শুধু ফুটবল নয়, আমাদের নিজস্ব যেসব খেলাধুলা রয়েছে, সেখানে খুদে খেলোয়াড়রা সুযোগ পেতে পারে। এর মাধ্যমে কোমলমতিদের মেধা বিকাশের সুযোগ তৈরি হবে।
শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এর পুরস্কার বিতরণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা সরকারে এলেই ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি অনুরাগী করে তুলতে চেষ্টা করেছি।
কারণ, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তির বিকাশ ঘটায়। শৃঙ্খলা, আনুগত্যের শিক্ষা দেয় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি; বিশ্বের কাছে পরিচিত করতে পারি।
তিনি আরও বলেন, সব ধরনের খেলাধুলার বিকাশে সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছে।
আমি চাই, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলবে।
প্রধানমন্ত্রী দুটি টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, প্রাইজমানির চেকের রেপ্লিকা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার তুলে দেন।
বঙ্গবন্ধু থেকে শুরু করে তাঁর পরিবারের সদস্যদের ক্রীড়াঙ্গনে জড়িত থাকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলা প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। দেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়েছে।
ছেলেরাই শুধু নয়, মেয়েরাও বিদেশে পারদর্শিতা দেখাতে পারছে। আমি বিশ্বাস করি, আমাদের খুদে ফুটবলাররা একদিন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে থেকে আরও বেশি সম্মান বয়ে আনবে।