নির্বাচনি অপরাধ ও আচরণবিধি লঙ্ঘনের চূড়ান্ত ব্যবস্থা হিসেবে প্রার্থিতা বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেছেন, “বিধি লঙ্ঘনের জন্য প্রথমে শোকজ, মামলা হচ্ছে, ডাকা হচ্ছে। এরপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে চরম ব্যবস্থা হিসেবে ইসি প্রার্থিতা বাতিল করতে পারে। এছাড়া নির্বাচনি মাঠে স্ট্রাইকিং ফোর্স নেমে গেলে পরিস্থিতির আরও উন্নতি হবে।”
মঙ্গলবার (২৬ ডিসেম্বর )ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন বিধি ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিলের মত কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে- ইসির এমন হুঁশিয়ারি আসে গেল শনিবার।
সেদিন বৈঠক শেষে ইসি আনিছুর রহমান বলেছিলেন, “প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারো না কারো, এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম।"
এরইমধ্যে প্রার্থিতা বাতিল প্রশ্নে আওয়ামী লীগের দুই প্রার্থীর ব্যাখ্যা তলব করা হয়েছে। দুজনের মধ্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার লড়ছেন কুমিল্লা-৬ আসনে; আরেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভোট করছেন বরগুনা-১ আসনে।
বুধবার বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।
অশোক কুমার দেবনাথ জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এখন পর্যন্ত ২৫০ প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। এর মধ্যে ১৫৯ জন শোকজের জবাব প্রতিবেদন আকারে পাঠিয়েছেন।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবদুল হাইসহ সেখানকার তিনজনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
১০ হাজারের বেশি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২ হাজারের ১৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১০ হাজার ৩০০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তবে ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে কিছু নেই’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক।
“আমাদের কাছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে কিছু নাই। আমাদের কাছে আছে গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশের সংখ্যা বেশি থাকে; আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিছু সংখ্যক কম থাকে। চরাঞ্চল, দুর্গম এলাকা, যোগাযোগ বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে সমস্যা হলে সেগুলোকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।