ছবি: সংগৃহীত
দীর্ঘ নয় বছর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রোম-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। উদ্বোধনী ফ্লাইট উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ২৬ মার্চ রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে তিনটায় ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ রোমের উদ্দেশ্যে যাত্রা করেছে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম। এছাড়াও মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা এবং সাংবাদিকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিমানের প্রথম ফ্লাইট রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে ২৭ মার্চ সকাল সোয়া ১০ টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় রাত সোয়া ১২টায়। প্রথম ফ্লাইটে ২০০ জন যাত্রী টিকেট বুকিং করেন। ফিরতি ফ্লাইটে ২৫৪ জন যাত্রী রোম থেকে ঢাকা আসবেন।
১৫ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্য ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের টিকেটসমূহ উন্মুক্ত করে।
যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যেকোসো সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এই রুটের টিকিট কিনতে পারছেন। নতুন রুট উপলক্ষ্যে দেয়া হয়েছে ১৫-২০% পর্যন্ত বিশেষ ছাড়।
আগামী ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৪টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ১০ টা ১০ মিনিটে। এবং রোম থেকে স্থানীয় সময় সকাল পৌনে ১১ টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন রাত সাড়ে ১২ টায়।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। এই রুটটি চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতীম ইতালির সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রোম ফ্লাইট চালু হয় এবং ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে রোম ফ্লাইট বন্ধ ছিল।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
