সোমালিয়ার উপকূল থেকে ছিনতাই করা জাহাজের আটক ৩৫ সোমালি জলদস্যুকে ভারতে নেওয়া হচ্ছে। ভারতীয় নৌবাহিনীর সদস্যদের হাতে আটক এই জলদস্যুদের দেশটিতে আনার পর তাদের বিচার করা হবে।
বুধবার (২০ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন ভারতের নৌবাহিনীর একজন কর্মকর্তা।
আটককৃত সোমালি জলদস্যুদেরসহ মাল্টার পতাকাবাহী ওই জাহাজটি আগামী শনিবার ভারতে পৌঁছানোর কথা রয়েছে।
নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেছেন, জলদস্যুদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে। গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন ভারতীয় ওই নৌ কর্মকর্তা।
তবে জলদস্যুদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।
এর আগে, গত শনিবার ভারতীয় নৌবাহিনীর কমান্ডোরা সোমালি জলদস্যুদের হাত থেকে মাল্টার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি রুয়েনকে উদ্ধার করে। পাশাপাশি জাহাজে থাকা ৩৫ জলদস্যুকে আত্মসমর্পণে বাধ্য করে কমান্ডোরা। গত বছরের ১৪ ডিসেম্বর সোকোত্রা থেকে ৪৫০ নটিক্যাল মাইল পূর্বে উত্তর আরব সাগরে মাল্টার ওই জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা।
২০১৭ সালের পর সোমালি জলদস্যুদের হাতে প্রথম বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা ছিল এটি। রয়টার্স বলছে, সোমালিয়ার জলদস্যুদের এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ২০১১ সালে। ওই সময় সোমালি জলদস্যুদের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রায় ৭০০ কোটি ডলারের ক্ষতি হয়। এর মধ্যে কয়েক মিলিয়ন ডলার তাদের কাছে গিয়েছিল মুক্তিপণ হিসেবে।