× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যাত্রীদের বিশৃঙ্খলার কারণে, আবারও মেট্রোরেল বন্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ মার্চ ২০২৪, ১১:০২ এএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ১১:০৩ এএম

ছবি: সংগৃহীত

আবারও বিঘ্নিত হয়েছে মেট্রোরেলের সেবা। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩৮ মিনিট থেকে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। ইফতারের আগে ঘরে ফেরার তাড়া থাকায় ওই সময়ে মেট্রোরেলের স্টেশনগুলোতে যাত্রীর ঢল ছিল। ট্রেন বন্ধ হওয়ায় বৃষ্টির মধ্যে হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহান। 

স্টেশন সংশ্লিষ্টরা জানান, কারিগরি ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিকের ভাষ্য, কারিগরি ত্রুটি নয়, যাত্রীদের বিশৃঙ্খলার কারণে ট্রেন বন্ধ হয়েছিল। 

ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ‘সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম-২ এ উত্তরাগামী ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীর ভিড় ছিল। কিছু সংখ্যক যাত্রী ট্রেনে উঠতে প্ল্যাটফর্মের দরজা আটকে দাঁড়ান। তাদের কারণে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছিল না। মেট্রোরেলের ট্রেনের এবং প্ল্যাটফর্মের দরজা স্বয়ংক্রিয়ভাবে তিনবার বন্ধ হওয়ার চেষ্টা করে। মাঝখানে প্রতিবন্ধকতা থাকলে বন্ধ হয় না। তিনবারের চেষ্টায় বন্ধ না হলে, দরজা খোলা থাকে। দরজা খোলা থাকলে ট্রেন চলে না। এ কারণেই মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ ছিল।’

এ পরিস্থিতির জন্য যাত্রীদের অসচেতনতাকে দায়ী করেছেন এম এ এন ছিদ্দিক। তিনি জানান, কিছু যাত্রী চেষ্টা করেছেন অন্যদের দরজা থেকে সরাতে। তারা সরেননি। রমজানের কারণে মেট্রোরেল কর্তৃপক্ষ কঠোর হচ্ছে না। রোজার পর এমন বিশৃঙ্খলা অব্যাহত থাকলে দায়ীদের গ্রেপ্তার করা হবে। এর আগে যেমন ঘুড়ি ওড়ানোর কারণে গ্রেপ্তার করা হয়েছিল। 

সচিবালয় স্টেশনে সমস্যার কারণে বাকি ১৬ স্টেশনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। থেমে থাকা ট্রেনগুলোতে হাজার হাজার যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন, ১০-২০ মিনিটের পথ পাড়ি দিতে ট্রেনে বা স্টেশনে আধাঘণ্টা বসে থাকতে হয়েছে। 

ট্রেন চলাচল বন্ধ হওয়ায় অনেক র‍্যাপিড ও এমআরটি পাসধারীদের বের হওয়ার জন্য মেশিন ‘জিরো ব্যালেন্স’ করে দেওয়া হয়। পাশাপাশি যারা সিঙ্গেল ট্রিপের জন্য টিকেট কেটেছিলেন তাদের টাকা ফিরত দেওয়া হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.