প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটল (৭১) আর নেই। শুক্রবার সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ আহমেদ অটল দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান প্রতিবেদক ছিলেন। জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন। বাম আদর্শের অনুসারী এই সাংবাদিক মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির যৌথ গেরিলা বাহিনীর বীর যোদ্ধা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলার সাংবাদিক শাখার সদস্য ছিলেন।
শুক্রবার বাদ জুমা ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্ত্বরে প্রথম এবং জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সাংবাদিক নেতারা সৈয়দ আহমেদ অটলের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তার ছেলে রাফসান জানি জিসান বাবার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
বিকেলে মরদেহ রাজধানীর পুরানা পল্টনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নেওয়া হলে কফিন লাল পতাকায় আচ্ছাদিত করা হয়। এ সময় সিপিবি ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মরদেহ মরহুমের খিলগাঁওয়ের বাসভবনে কিছু সময় রাখার পর বাদ আছর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে ) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সভাপতি শামসুজ্জামান হীরা, সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।