পানির পাঁচ রকম দাম নির্ধারণ করতে চায় ঢাকা ওয়াসা। সম্প্রতি ঢাকা ওয়াসার কারিগরি সমীক্ষায় ৫টি শ্রেণি করা হয়েছে এবং নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত শ্রেণিভেদে পানির দাম বাড়বে ২৪ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত।
ঢাকা ওয়াসা গত ১৪ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে। এখন এই ব্যবস্থা বাস্তবায়ন করলে সব শ্রেণির গ্রাহকেরই খরচ বাড়বে।
যদিও সংশ্লিষ্টরা বলছেন, পানির দাম বাড়িয়ে ওয়াসা নিজের অব্যবস্থাপনা ও অনিয়মের দায় জনগণের ঘাড়ে চাপাতে চাইছে। পানির প্রকৃত উৎপাদন ব্যয় কম। উচ্চ সুদে বৈদেশিক ঋণ নিয়ে দায় চাপাচ্ছে জনগণের ঘাড়ে।
এ বিষয়ে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম সহিদ উদ্দিন বলেন, ‘উৎপাদন খরচের সঙ্গে অনেক বিষয় জড়িত। সব উৎসের পানির একটি গড় খরচ ধরা হয়।’
জানা যায়, বর্তমানে ঢাকা ওয়াসার পানি ব্যবহারকারীদের মধ্যে সাড়ে ৮৩ শতাংশই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত। ফলে এলাকাভিত্তিক পানির দামের প্রস্তাব বাস্তবায়িত হলে এই দুই শ্রেণির মানুষকেই বেশি দাম দিতে হবে।