× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বন্দ্ব নয়, মানোন্নয়নে মনোযোগ দিন: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৮ নভেম্বর ২০২৬, ২০:৫৭ পিএম । আপডেটঃ ২৮ নভেম্বর ২০২৬, ২০:৫৭ পিএম

শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই সম্মিলন অনুষ্ঠিত হয়, যার প্রতিপাদ্য ছিল—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ এসব কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তার মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।’

তিনি জানান, শহর ও গ্রামের মানুষের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও মানসম্মত করতে হবে এবং এসব পরিকল্পনা বাস্তবায়নে অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।’

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জির মতো প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি শিল্প খাতের অভিজ্ঞদের অতিথি শিক্ষক হিসেবে নেওয়া, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বাড়ানো এবং আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মানের মতো ভাষা শিক্ষার সুযোগ তৈরির কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, কলেজগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার পাশাপাশি ইতোমধ্যে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে এবং ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি। একই সঙ্গে শিক্ষক সংকট নিরসন ও শূন্য পদ পূরণে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

উচ্চশিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই সম্মিলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কলেজগুলোর সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দক্ষ মানবসম্পদ গঠন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে অধ্যক্ষদের কার্যকর ভূমিকা ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

ড্রীম বিল্ড, স্বপ্ন পিআর, রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.