× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কপ৩১-এ বাংলাদেশের জলবায়ু কূটনীতির সাফল্য, রয়ে গেছে অর্থায়নের প্রশ্ন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৭ নভেম্বর ২০২৬, ২০:৫৬ পিএম । আপডেটঃ ২৭ নভেম্বর ২০২৬, ২০:৫৭ পিএম

প্রধান রাজনৈতিক চুক্তি ছাড়াই জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) শেষ হলেও অভিযোজন তহবিল, কার্বন বাজার ও বৈশ্বিক দর-কষাকষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন পেয়েছে বাংলাদেশ। তুরস্কের আন্তালিয়ায় গত ২২ নভেম্বর নির্ধারিত সময়ের প্রায় ৫০ ঘণ্টা পর শেষ হওয়া ইতিহাসের দীর্ঘতম এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠক আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান ও দৃশ্যমানতাকে জোরালো করেছে।

গত ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরেন। পাশাপাশি তুরস্ক, অস্ট্রেলিয়া, চীন ও উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান তিনি।

সম্মেলনের মূল রাজনৈতিক দলিল ‘আন্তালিয়া চুক্তি’ জীবাশ্ম জ্বালানির প্রশ্নে মতবিরোধের কারণে গৃহীত হয়নি, ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম কোনো কপ সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলো। তবে কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম ঐকমত্যের অভাব স্বীকার করলেও অভিযোজন, ক্ষয়ক্ষতি, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর, কার্বন বাজার ও জলবায়ু অর্থায়ন নিয়ে কয়েকটি পৃথক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক প্রাপ্তির একটি হলো স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) বাস্তবায়নে সহায়তার জন্য পৃথক প্ল্যাটফর্ম গঠনের সম্মতি। প্রথম দিকের দেশগুলোর অন্যতম হিসেবে বাংলাদেশ আগেই ন্যাপ জমা দেওয়ায় এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়া অভিযোজন তহবিলের পরিচালনা নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কেটেছে এবং প্যারিস চুক্তির ৬.৪ অনুচ্ছেদের আওতায় কার্বন বাজারের আয়ের একটি অংশ এ তহবিলে যুক্ত হওয়ার পথ খুলেছে। তহবিলের পরিচালনা পর্ষদে উন্নয়নশীল দেশগুলোর সংখ্যাগরিষ্ঠতা বহাল থাকায় নিজস্ব কার্বন বাণিজ্য কাঠামো গড়ার প্রেক্ষাপটে এটি বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে।

বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের সূচক পরিমার্জনকারী টাস্কফোর্সে এলডিসি মনোনীত তিনজন বিশেষজ্ঞের অন্তর্ভুক্তি এবং উন্নত দেশগুলোর আপত্তি সত্ত্বেও ২০২৮ সাল পর্যন্ত জলবায়ু অর্থায়ন কর্মসূচি চালুর সিদ্ধান্তকেও ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি তহবিলের প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়ের আহ্বান জানানো হয়েছে, যার পরিচালনা পর্ষদ আগামী ডিসেম্বর থেকে অর্থ বিতরণ শুরু করতে পারে বলে জানা গেছে।

সম্মেলন শুরুর ঠিক আগে গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়। ফলে এলডিসি জোটের অংশ হিসেবেই আন্তালিয়ায় দর-কষাকষিতে অংশ নিতে পেরেছে ঢাকা, আর উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

গত ১২ নভেম্বর উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেন। জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ, ঋণের বদলে অনুদান, ঋণের বোঝা কমানো ও প্রযুক্তিতে ন্যায়সংগত প্রবেশাধিকারের দাবিগুলো বাংলাদেশের অবস্থানকে একটি সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছে।

তবে অভিযোজন অর্থায়নে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি; ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলার অভিযোজন অর্থায়নের দাবির বিপরীতে কোনো লক্ষ্যমাত্রা বা ভিত্তিবছর চূড়ান্ত হয়নি। ইউএনইপির হিসাব অনুযায়ী ২০৩৫ সালে উন্নয়নশীল দেশগুলোর বার্ষিক অভিযোজন ব্যয় ৩০৫ বিলিয়ন ডলারে দাঁড়াবে, অথচ সরকারি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ৭০ শতাংশ কমেছে এবং ক্ষয়ক্ষতি তহবিলে প্রতিশ্রুত ৩৪২ মিলিয়ন ডলারের বিপরীতে দাবি রয়েছে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

সব মিলিয়ে কপ৩১ বাংলাদেশকে খালি হাতে ফেরায়নি, কিন্তু অর্থায়নের পরিমাণ, সময় ও শর্তের মতো মৌলিক প্রশ্নগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে। ২০২৭ সালের জুনে বন সম্মেলন এবং নভেম্বরে আদ্দিস আবাবায় কপ৩২-এর আগে জাতীয় কার্বন বাণিজ্য কাঠামো চূড়ান্ত করা, প্রকল্প তালিকা প্রস্তুত রাখা ও ক্ষতিপূরণ তহবিলের আবেদন জমা দেওয়ার মতো সমন্বিত প্রস্তুতি নিলেই এই কূটনৈতিক অর্জন উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ মানুষের বাস্তব সুরক্ষায় রূপ নিতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

ড্রীম বিল্ড, স্বপ্ন পিআর, রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.