ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান সরকারের নিয়মিত দায়িত্বের অংশ।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি আসিব আসিব বলেন। একবার বলেছেন, নভেম্বরে আসবেন। একবার বলেন, ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, সেটা জানা নেই। সরকারের এদিকে মনোযোগ নেই। সরকার কোনো চাপেও নেই।’
প্রত্যর্পণ প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন এবং এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। ভারত বিষয়টি আইন অনুযায়ী পরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের কিছু সদস্যের বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বা অন্যান্য বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছেন। তাঁরা সরকারের কঠোর নজরদারিতে আছেন এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত, অভিযোগপত্র দাখিল ও বিচারিক কার্যক্রম শেষে আদালত যে রায় দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন কমিশনও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি বলেন, মজুরি নির্ধারণের পরও যাঁরা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁরা প্রকৃত শ্রমিক নন এবং শ্রমিকেরা তাঁদের সঙ্গে নেই। এসব আন্দোলনের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
লকডাউন বা শাটডাউনের মতো কর্মসূচির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি লকডাউন বা শাটডাউন দিচ্ছে। এ দেশের মানুষ তা করতে দেবে না। বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে।’
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার কৌশলে সাধারণ মানুষের প্রাণহানি এড়ানোর চেষ্টা করছে এবং ভবিষ্যতেও তা করবে। তবে কেউ ধ্বংসাত্মক বা উগ্রবাদী কর্মকাণ্ড চালালে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং বিতাড়িত শক্তি কখনো রাজনীতিতে ফিরতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।