তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের অধিবেশন, কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে এবারের আয়োজন। ছবি: সংগৃহীত
জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার দিকনির্দেশনা ও জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও প্রায় দুই দিন বাড়তি সময় নিয়েও চূড়ান্ত রাজনৈতিক দলিল ‘আন্তালিয়া প্যাক্ট’ গৃহীত হয়নি, ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম কোনো কপ মূল সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো।
সমাপনী অধিবেশনে সম্মেলনের সভাপতি তুরস্কের মুরাত কুরুম জানান, প্রস্তাবিত পাঠ্যে দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে তৈরি খসড়ায় কয়লা, তেল বা গ্যাসের নাম একবারও উল্লেখ ছিল না এবং কেবল ২০২৩ সালের দুবাই সমঝোতার প্রসঙ্গ টানা হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশ, যুক্তরাজ্য, নরওয়ে, পানামা, ভানুয়াতু, মার্শাল দ্বীপপুঞ্জ ও স্বল্পোন্নত দেশগুলোর জোট খসড়াটি প্রত্যাখ্যান করে। তাদের মতে, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট পথরেখা না থাকায় এটি অগ্রগতির পরিবর্তে পিছিয়ে যাওয়ার শামিল।
অন্যদিকে তেল উৎপাদনকারী দেশগুলো দুবাই সমঝোতার উল্লেখে রাজি থাকলেও তা এগিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগে বাধা দিয়েছে। পাকিস্তান ও ঘানা খসড়াটিকে অসম্পূর্ণ হলেও কার্যকর সমঝোতা হিসেবে সমর্থন জানালেও শেষ পর্যন্ত তা ঐকমত্য তৈরিতে যথেষ্ট হয়নি।
খসড়া দলিলে বৈশ্বিক তাপমাত্রা প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কার স্বীকৃতি ছিল। পাশাপাশি কার্বন অপসারণ প্রযুক্তির প্রসঙ্গ প্রথমবারের মতো কপের চূড়ান্ত দলিলে আসার সম্ভাবনা থাকলেও সমঝোতা না হওয়ায় এসবের কোনো আনুষ্ঠানিক মর্যাদা থাকল না।
সভাপতিত্বের উদ্যোগে ৭০টির বেশি দেশের সমর্থন পাওয়া বিদ্যুতায়ন ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবও আলোচনার চূড়ান্ত ফলাফল থেকে বাদ পড়ে। জীবাশ্ম জ্বালানির পাশাপাশি আলোচনায় বড় ফাটল তৈরি হয় জলবায়ু অর্থায়ন নিয়ে, যেখানে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো অভিযোজনের জন্য আরও বেশি তহবিল দাবি করে এবং শুরুতেই দরিদ্র দেশগুলো প্রতিশ্রুত অর্থের পরিমাণ অপর্যাপ্ত বলে জানায়।
সমঝোতা না হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) আনি দাসগুপ্ত বলেছেন, ‘এটি প্যারিস চুক্তির ব্যর্থতা নয়, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা।’
আন্তর্জাতিক এই অচলাবস্থার প্রেক্ষাপটে জলবায়ু ঝুঁকিতে থাকা স্থানীয় পর্যায়ের উদ্বেগও সামনে এসেছে। ঠাকুরগাঁওভিত্তিক বেসরকারি সংস্থা ইএসডিওর প্রোগ্রাম পরিচালক মশিউর রহমান বলেন, ‘এভাবে একটা চুক্তিতে না পৌঁছাতে পারা সত্যিই হতাশার।’
কপের ইতিহাসে সর্বোচ্চ প্রায় ৯২ হাজার মানুষের অংশগ্রহণে বিপুল আয়োজন হলেও জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের গতি ও মাত্রা এবং দুর্বল দেশগুলোর অভিযোজন অর্থায়ন—এই দুই মৌলিক প্রশ্ন অমীমাংসিত রয়ে গেল। নতুন কোনো রাজনৈতিক ম্যান্ডেট না পেলেও প্যারিস চুক্তিসহ বিদ্যমান আন্তর্জাতিক জলবায়ু কাঠামো বহাল থাকায় এখন পরবর্তী কূটনৈতিক উদ্যোগ ও জাতীয় পদক্ষেপের দিকেই তাকিয়ে বিশ্ব।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
