সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নয়াদিল্লি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করেন, ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব এলে ঢাকা তার যথাযথ জবাব দেবে।
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বর্তমানে আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মনে করি, এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনি এখানে আসবেন এবং সাজা ভোগ করবেন। ভারত যদি সাড়া দেয়, তবে বাংলাদেশের মানুষ ও সরকারের জন্য তা সহজ হয়।’ এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সম্প্রতি শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত দুটি শর্তের আভাস দিয়েছে—গত ১২ নভেম্বর বিবিসি বাংলায় প্রকাশিত এমন একটি প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বিষয়টিকে ভিত্তিহীন বলে অভিহিত করেন। উল্লেখ্য, বিবিসির ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ফিরিয়ে নেওয়া এবং জুলাই গণহত্যার বিচার নতুন করে শুরু করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়ার শর্ত দিয়েছে। তবে দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আইনে ওই প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। ভারতের কাছ থেকে অফিশিয়ালি কিছু এলে আমরা তা গ্রহণ করব এবং জবাব দেব।’ এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো পর্যায়েই আলোচনা হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন শামা ওবায়েদ। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু হওয়া দুই দেশের সম্পর্ক কেবল একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি জানান, অমীমাংসিত ইস্যুগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অতীতে ও বর্তমানে দেশে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের পেছনে আওয়ামী লীগ জড়িত। বিদেশের মাটিতে বসে পরিচালিত এসব কর্মকাণ্ড সরকার হিসেবে অ্যাড্রেস করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ ছাড়া বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ নিয়ে সংবাদপত্রে প্রকাশিত তথ্যের বিষয়ে তিনি স্পষ্ট করেন, সচিব পর্যায়ে অনুষ্ঠেয় এই সংলাপটি উভয় দেশের সম্মতিতেই কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক চিঠিপত্র ও প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়ার ওপরই শেখ হাসিনার প্রত্যাবর্তনের ভবিষ্যৎ নির্ভর করছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
