× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুস্থ জাতি গঠনে প্রতিরোধ ও গবেষণাই মূল চাবিকাঠি: ডা. জুবাইদা রহমান

বাসস

১৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ এএম । আপডেটঃ ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ এএম

শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান আইডিইএসএইচআই-এর এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ছবি: পিআইডি

সুস্থ ও সবল বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং বৈজ্ঞানিক গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’ (আইডিইএসএইচআই)-এর এক যুগ পূর্তি অনুষ্ঠানে তিনি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, বিগত বছরগুলোর অবহেলার কারণে প্রতিরোধযোগ্য অনেক রোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব।

তিনি জানান, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে এই নারী কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।

ডা. জুবাইদা রহমান বলেন, "আমাদের আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। আমরা আশা করি, নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করতে পারব।"

তিনি আরও বলেন, "গবেষণার কাজে ধীরগতির কারণে তরুণ বিজ্ঞানীরা হতাশ হতে পারেন। তবে তাদের গর্বিত হওয়া উচিত যে, তাদের গবেষণা ও কাজ বহু মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রোগ প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করাসহ পাঁচটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে দেশীয় রোগ নির্ণয়ব্যবস্থার প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং গবেষণার জন্য টেকসই পরিবেশ তৈরি।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আইডিইএসএইচআইয়ের চেয়ারম্যান আশফাক কাদরীর স্বাগত বক্তব্যের পর প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান প্রতিষ্ঠানের এক যুগের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। এছাড়া দিনব্যাপী আয়োজনে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, সংক্রামক রোগ ও টিকার ব্যবহারসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা।

সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ও ওষুধশিল্পের এই সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও স্বনির্ভর ও আধুনিক করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈশ্বিক বৈজ্ঞানিক গবেষণায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.