× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছালেন প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে ভিভিআইপি অভ্যর্থনা

বাসস

১০ নভেম্বর ২০২৬, ২২:০৯ পিএম । আপডেটঃ ১১ নভেম্বর ২০২৬, ২০:১৬ পিএম

মঙ্গলবার ইস্তাম্বুল বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ। ছবি: সৌজন্য

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে রাষ্ট্রীয় ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।

ইস্তাম্বুল বিমানবন্দরে অবরণের পরপরই প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় রওনা হয়ে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি স্থানীয় সময় দুপুরে ইস্তাম্বুলে পৌঁছায়।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের সংযোগকারী একটি ফ্লাইটে জলবায়ু সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিনে বুধবার আন্তালিয়ায় আয়োজিত কপ-৩১ শীর্ষ সম্মেলনের মূল পর্বে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনের সাইডলাইনে বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, "ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও ভিভিআইপি প্রটোকলে সংবর্ধনা জানান গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ। দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে তিনি সম্মেলনের ভেন্যু আন্তালিয়ার উদ্দেশ্যে ইস্তাম্বুল ত্যাগ করেছেন।"

বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। আগামী কয়েক দিন আন্তালিয়া সম্মেলনে বিশ্বনেতাদের সমাগমে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে কৌশলগত আলোচনা জোরদার হবে বলে আশা প্রকাশ করছেন প্রতিনিধিদলের সদস্যরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.