× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ-সৌদি হজ চুক্তি সই, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ জন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১০ নভেম্বর ২০২৬, ২১:৩৭ পিএম । আপডেটঃ ১০ নভেম্বর ২০২৬, ২২:০৯ পিএম

সোমবার রাতে জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি সই শেষে হস্তান্তরিত নথি প্রদর্শন করছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ। ছবি: সৌজন্য

২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করতে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, যার অধীনে আগামী বছর ৮৩ হাজার ৫০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় জেদ্দায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৫ হাজার কোটা বৃদ্ধি করেছে। এর ফলে বিগত বছরের ৭৮ হাজার ৫০০ জনের তুলনায় এবার মোট হজযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে।

বৈঠকে মীনায় তাঁবুর স্থান সংকটের বিষয়টি উঠলেও সৌদি মন্ত্রী বাংলাদেশকে আশ্বস্ত করেন যে, অন্য কোনো দেশের কোটা খালি বা বাতিল হলে তা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়া হবে।

বাংলাদেশের ধর্মমন্ত্রী এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সৌদি নেতৃত্ব এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন। ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্বচ্ছ, সহজ ও পূর্ণাঙ্গ সেবামুখী করতে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, "আমাদের বিশেষ আবেদনের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে ৫ হাজার কোটা বাড়িয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন—'তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।' এটি আমাদের দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বড় প্রমাণ।"

অতিরিক্ত কোটা অনুমোদন এবং ভবিষ্যৎ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় চলতি বছর হজ নিবন্ধনে আগ্রহীদের সুযোগ বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। আগামী দিনগুলোতে অবশিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া ও ফ্লাইট শিডিউল দ্রুততম সময়ে চূড়ান্ত করে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে যৌথ দল কাজ করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.