× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিবন্ধীদের মূলস্রোতে ফেরাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ এএম । আপডেটঃ ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ এএম

মিরপুরে এক অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত দক্ষতা, আধুনিক উপকরণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সমাজের মূল স্রোতোধারায় অন্তর্ভুক্ত করতে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানী মিরপুরে 'বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস' উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের বাদ দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

মন্ত্রী জানান, বিশেষায়িত শিক্ষকের সংখ্যা বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদান এবং অভিভাবকদের জন্য বিশেষ সচেতনতামূলক ট্রেনিং স্কুলের ব্যবস্থা করবে সরকার। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের দাবির প্রেক্ষিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি এবং দেশে প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট সাদাছড়ি’ উৎপাদনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

কর্মশালায় মুক্ত আলোচনা শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সম্মানসূচক উপহার হিসেবে সাদাছড়ি বিতরণ করা হয়। বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলালসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় এনজিওর প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ৪১ লাখ বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক রয়েছেন, যার মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধীর সংখ্যা প্রায় ৫ লাখ। তাদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় ১৯৬৪ সাল থেকে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.