সৌদি আরবের জাতীয় পতাকা। এএফপি: ফাইল ছবি
সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের অপরাধের ধরন, বিচার প্রক্রিয়া এবং মরদেহের বর্তমান অবস্থানসহ সামগ্রিক বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে দেশটির সরকারের কাছে কড়া কূটনৈতিক চিঠি পাঠিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। গত ১৯ অক্টোবর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় এই চিঠি হস্তান্তর করা হলেও এখন পর্যন্ত রিয়াদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
মক্কা অঞ্চলে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির এবং সুইটি আক্তারের মৃত্যুদণ্ড গত ১৪ অক্টোবর কার্যকর করা হয়। বিচারকের স্বেচ্ছাধীন এখতিয়ারে এই দণ্ড কার্যকর করার পর নড়েচড়ে বসেছে ঢাকা। ১৯ অক্টোবর জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠকে মিলিত হন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। ওই বৈঠকেই সৌদি কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট ছয়টি বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে কূটনৈতিক পত্রটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
কনস্যুলেটের পক্ষ থেকে পাঠানো চিঠিতে মূল অপরাধের প্রকৃতি, সংঘটিত হওয়ার স্থান ও সময় এবং গ্রেপ্তারের তারিখ জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, দুই নাগরিকের বিরুদ্ধে দেওয়া রায়ের সত্যায়িত অনুলিপি, মৃত্যুদণ্ড কার্যকরের সুনির্দিষ্ট পদ্ধতি তথা শিরশ্ছেদ নাকি অন্য কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, এবং বর্তমানে তাঁদের মরদেহ কোথায় দাফন বা সংরক্ষণ করা হয়েছে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া বিচার চলাকালে তাঁরা আইনি সহায়তা পাওয়ার অধিকার বা আইনজীবী নিয়োগের সুযোগ পেয়েছিলেন কি না, তা নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর সৌদি কর্তৃপক্ষ প্রায় আড়াই হাজার কারাবন্দি বাংলাদেশির একটি তালিকা পাঠালেও সেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সুনির্দিষ্ট শাস্তির বিবরণ গোপন রাখা হয়েছিল। ফলে কনস্যুলেটের পক্ষে সময়মতো আইনি সুরক্ষা বা কনস্যুলার সেবা প্রদান করা সম্ভব হয়নি। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মসজিদ কমপ্লেক্সে পবিত্রতা লঙ্ঘনের কথা বললেও তালিকার সাথে এই বিবৃতির অমিল থাকায় গভীর কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, নিম্ন ও আপিল আদালতের বিচার প্রক্রিয়া শেষে হঠাৎ এই মৃত্যুদণ্ড কার্যকর করা অত্যন্ত হতাশার। অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তালিকায় থাকা দণ্ডপ্রাপ্ত ২২ জনের মধ্যে এই দুজনসহ বাকীদের বিষয়েও পূর্ণাঙ্গ তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে কড়া বার্তা পাঠানো হয়েছে।
বর্তমানে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
