× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশ বা রাষ্ট্র যা পারে না, তা পারেন মসজিদের ইমামরা: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৪ অক্টোবর ২০২৬, ১৬:৫১ পিএম । আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৬, ২৩:১০ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কাউন্সিল-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্জ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি। ছবি: ন্যাশনাল ট্রিবিউন

ধর্মমন্ত্রী আলহাজ্জ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, “পুলিশ পারবে না, নেতারা পারবে না, এমপিরা পারবে না, রাষ্ট্র পারবে না, কিন্তু মসজিদের ইমামরা পারবেন।” তিনি বলেন, সমাজ সংস্কার, নৈতিকতা চর্চা ও সামাজিক ব্যাধি দূরীকরণে আলেম ও ইমামদের কথা সাধারণ মানুষ পরম আস্থার সাথে গ্রহণ করে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আয়োজিত কেন্দ্রীয় ত্রিবার্ষিক কাউন্সিল-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর যুগে মসজিদ ও মেহরাব ছিল সমাজ সংস্কার ও মানবকল্যাণের মূল কেন্দ্রবিন্দু। সেই সুমহান ঐতিহ্য ধারণ করে দেশের প্রতিটি মসজিদকে হেদায়েত ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করতে হবে। বিশেষ করে মাদকদ্রব্য বর্জন, দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম ও সামাজিক অনাচার প্রতিরোধে প্রতি শুক্রবারের খুতবায় কার্যকর বয়ান রাখার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১,১০০ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ১৯৯৪ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জন্য যে ২ কোটি টাকা বরাদ্দের সূচনা করেছিলেন, তা বর্তমানে বৃদ্ধি পেয়ে প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি বলেন, সরকারি চাকরির বিধিমালা ও পিপিআর অনুযায়ী রাষ্ট্রীয় অর্থ দুই জায়গা থেকে গ্রহণ করার আইনগত সুযোগ নেই। ফলে কোনো প্রতিনিধি একাধিক সুযোগ ভোগ করতে পারছেন না। তবে ইমামদের যৌক্তিক বিষয়গুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে।

অন্যান্য বক্তাদের মধ্যে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন বলেন, দেশের প্রায় চার লক্ষাধিক মসজিদে প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষ ইমামদের বক্তব্য শোনেন। সমাজ গঠন, নৈতিক শিক্ষা ও পারিবারিক শৃঙ্খলা রক্ষায় আলেম সমাজ যে নীরব ভূমিকা পালন করছেন, তা রাষ্ট্রের কাঠামোগত স্থিতিশীলতার বড় ভিত্তি।

কাউন্সিলে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ইমাম প্রশিক্ষণ চালুর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে প্রণীত 'মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা' দ্রুত সংসদে উত্থাপন করে আইনগত রূপ দেওয়ার আহ্বান জানান। একই সাথে ইমামদের সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধিতে ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ব্যাংক’ গঠনের প্রস্তাব করেন তিনি।

অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রতিনিধি ইমাম, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কারী জহিরুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্জ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি। বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান। রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিন। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মুহিউদ্দিন।

উল্লেখ্য, বিশেষ অতিথি হিসেবে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার এমপি-র উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.