সৌদি আরবের রিয়াদস্থ হায়ের কারাগার, যেখানে বহু বাংলাদেশি বন্দি রয়েছেন। ফাইল ছবি: রয়টার্স
সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ২২ জন বাংলাদেশির নামের পাশে 'দণ্ডপ্রাপ্ত' উল্লেখ থাকলেও তাঁদের শাস্তির ধরণ ও সুনির্দিষ্ট বিবরণ জানা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি একই অনিশ্চয়তার মধ্য দিয়ে নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর বাকি ২০ জনের সাজা ও ভাগ্য নিয়ে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। বন্দিদের বিস্তারিত তথ্য ও রায়ের সারসংক্ষেপ জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেদ্দা শাখায় চিঠি পাঠিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।
বৃহস্পতিবার জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন জানান, সৌদি আরবের প্রদত্ত ২ হাজার ৪৬১ জন বন্দির তালিকায় ২২ জনের ক্ষেত্রে 'দণ্ডপ্রাপ্ত' লেখা থাকলেও 'রায়ের সারসংক্ষেপ' কলামটি সম্পূর্ণ ফাঁকা রয়েছে। তিনি বলেন, "বাংলাদেশের দণ্ডিত নাগরিকদের আইনি ও কনস্যুলার সুবিধা নিশ্চিত করার স্বার্থে সৌদি কর্তৃপক্ষের কাছে তাঁদের সাজার সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্য চেয়ে ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।"
কনস্যুলেটের কূটনৈতিক সূত্রের তথ্যমতে, তথ্যহীন ওই ২২ জন বন্দির মধ্যে ৮ জন হত্যা মামলায়, ৫ জন মাদক পাচারে এবং ৫ জন ব্যক্তিগত অধিকার ও ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় দণ্ডিত। বাকিরা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সাইবার অপরাধ ও অন্যান্য অভিযোগে জেদ্দার জাহবান, শুমাইসি, জেদ্দা জেনারেল ও নারী কারাগারসহ বিভিন্ন স্থানে বন্দি রয়েছেন। তবে মামলার ধরন জানা গেলেও সাজা কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড—তা নথি ছাড়া নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সৌদি আরবের বিচারব্যবস্থায় রায়ের তথ্য সময়মতো না পাওয়ায় আসামিদের জীবন চরম ঝুঁকিতে পড়ে। সাজার সারসংক্ষেপ না থাকলে কনস্যুলেটের পক্ষে উচ্চ আদালতে আপিল করা, আইনজীবী নিয়োগ কিংবা পারিবারিক পর্যায়ে রক্তপণ ও ক্ষমার আবেদনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সম্প্রতি সুনির্দিষ্ট তথ্যের অভাবে আইনি সহায়তার সুযোগ না পেয়ে নজরুল ও সুইটির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর এই প্রশাসনিক উদ্যোগ নিল বাংলাদেশ মিশন।
সাজার তথ্য চাওয়ার পাশাপাশি অপর এক চিঠিতে মেয়াদ শেষ হওয়া বন্দিদের দ্রুত দেশে ফেরানো, লঘু অপরাধে আটক ব্যক্তিদের রাজকীয় ক্ষমার আওতায় আনা এবং বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে চিঠির জবাব আসার পরই মূলত জানা যাবে এই ২০ জন বাংলাদেশির চূড়ান্ত আইনি পরিণতি।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
