× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্থানীয় সরকার বিভাগের সব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১৬ অক্টোবর ২০২৬, ০১:২৩ এএম । আপডেটঃ ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ এএম

স্থানীয় সরকার বিভাগের সব ধরণের কাজের নতুন দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ সব প্রতিষ্ঠানের নতুন কাজ, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত এক প্রশাসনিক পরিপত্রে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদকে এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। এর ফলে স্থানীয় সরকারের আওতায় থাকা সব ধরণের উন্নয়ন প্রকল্প ও পণ্য বা সেবা ক্রয়ের নতুন উদ্যোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।

চিঠির অনুলিপি ইতোমধ্যে সকল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের প্রশাসকদের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধানদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে। নির্দেশনায় সুস্পষ্টভাবে জানানো হয়েছে, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো দরপত্র আহ্বান বা ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।"

তবে এই প্রজ্ঞাপনে ইতোমধ্যে কার্যাদেশ পাওয়া বা চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে আলাদা কোনো ব্যাখ্যা বা নির্দেশনা দেওয়া হয়নি। এছাড়া নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশের নির্দিষ্ট সময়সীমাও পরিপত্রে উল্লেখ করা হয়নি।

ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন কাজ কত দিন থমকে থাকবে এবং চলমান প্রক্রিয়ার ক্ষেত্রে চূড়ান্ত কী পদক্ষেপ নেওয়া হবে—তা নিয়ে অস্পষ্টতা থেকে গেছে। সংশোধিত বিধিমালা প্রকাশের পর নতুন রেট শিডিউল চূড়ান্ত হলে পুনরায় ক্রয়প্রক্রিয়া সচল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.