নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপটি সফলভাবে উদ্ধার করে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হাতে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে আঠারো বছর বয়সী ওই পর্যটকের হাতে আপেল ব্যান্ডের ‘ম্যাকবুক’ ল্যাপটপটি তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে যাওয়ার সময় ভুয়া এক রেল কর্মকর্তার কাছে ব্যাগটি গচ্ছিত রেখে প্রতারণার শিকার হন ক্রিল ল্যান্ডার। ঘটনার পর নাটোর সদর থানায় জিডি করা হলে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের একাধিক দল যৌথ অভিযান শুরু করে। নিরবচ্ছিন্ন চেষ্টার পর ১১ অক্টোবর রাত সাড়ে ৯টায় নাটোরের কাপুড়িয়াপট্টির ‘নূর ক্লোথিং স্টোর’ থেকে ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হারানো মূল্যবান আমানত ফেরত পেয়ে আবেগাপ্লুত জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশে ভ্রমণের অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। পুলিশের এই আন্তরিকতা ও পেশাদারত্ব আমাকে অভিভূত করেছে।"
দ্রুততম সময়ে বিদেশি পর্যটকের ল্যাপটপ উদ্ধার ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় অভিযানে নেতৃত্ব দেওয়া নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেন আইজিপি। পুলিশপ্রধান বলেন, "দেশি-বিদেশি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ও আস্থার সম্পর্ক তৈরি করাই পুলিশের মূল লক্ষ্য। পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে আমাদের এই পেশাদার সেবা অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ক্রিল ল্যান্ডারের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ১০ অক্টোবর রাজধানীর হাজারীবাগ থানায় মুক্তি মাহমুদ নামের এক বেসরকারি চাকরিজীবী নিজ উদ্যোগে তরুণের হাতে একটি নতুন ম্যাকবুক তুলে দেন। তিনি জানান, বিদেশি এই তরুণ পর্যটক যেন বাংলাদেশ থেকে মনখারাপ করে না ফেরেন এবং একটি সুন্দর স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারেন—সেই তাগিদ থেকেই তিনি এগিয়ে এসেছিলেন।