রোববার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত জনগণের আমানত যেন পুরোপুরি দেশ ও মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, সে বিষয়ে চরম সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে সরকারি কর্মকর্তাদের প্রতি কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত চলমান কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন কেবল একটি প্রশাসনিক কাজ নয়, বরং দেশসেবার এক বিশেষ সুযোগ। জনগণের করের টাকায় গৃহীত প্রকল্পের সুফল যেন প্রান্তিক মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে সরকারের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও স্বচ্ছ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আপনারা অনেকগুলো প্রকল্প নিয়েছেন, অনেক টার্গেট ঠিক করেছেন। সেই লক্ষ্য অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, এই অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়।"
তিনি আরও বলেন, "আল্লাহ তা’আলা আমাদের দেশ ও মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন। যার যতটুকু কাজ করার সুযোগ আছে, আমরা যেন তা আন্তরিকভাবে করতে পারি। পদ বা দায়িত্ব পালনের এই সুযোগ সব সময় থাকে না, তাই যার হাতে যতদিন সুযোগ আছে, তা দেশ ও দেশের মানুষের জন্য ঠিকভাবে কাজে লাগাতে হবে।"
একই সঙ্গে নীতি নির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও বাস্তবমুখী করতে মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী পর্যালোচানাসভাগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলা ও সততার সঙ্গে নিজেদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন।
উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও অপচয় রোধে প্রধানমন্ত্রীর এমন কঠোর অবস্থান দেশের প্রশাসনিক স্বচ্ছতা বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলোর দ্রুত ও সঠিক বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
