× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পূজায় ছুটি ৫ দিন, অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৩ পিএম । আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৫ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবি: বাসস

অনুদানের অর্থ বৃদ্ধি এবং নির্বাহী আদেশে এক দিন বাড়তি ছুটির কারণে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। মঙ্গলবার (২০ অক্টোবর ) মহানবমীর নির্বাহী ছুটির পর বিজয়া দশমীর সাধারণ ছুটি, মাঝে ২২ অক্টোবরের অতিরিক্ত নির্বাহী ছুটি এবং পরবর্তী শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটির সমন্বয়ে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ ছুটি বহাল থাকবে। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের আসন্ন ধর্মীয় উৎসবে কল্যাণ ট্রাস্টগুলোর চাহিদার চেয়েও এক কোটি টাকা করে অতিরিক্ত অনুদান বরাদ্দ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ৪ কোটি টাকা অনুদানের আবেদন জানালে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় ৫ কোটি টাকা মঞ্জুর করা হয়। একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের আগামী কঠিন চীবর দান উৎসবের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২ কোটি টাকার আবেদনের বিপরীতে বরাদ্দ বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে।

এর আগে ঘোষিত সরকারি ছুটির তালিকায় আগামী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। মাঝের দিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস-আদালত খোলা থাকার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের অবকাশ নিশ্চিত হলো।

এই দীর্ঘ ছুটির সময়ে সরকারি ও বেসরকারি সকল অফিস বন্ধ থাকলেও জরুরি পরিষেবাসমূহ স্বাভাবিক থাকবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থার সাথে যুক্ত কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন। এ ছাড়া গণমাধ্যম এবং বিশেষ নিরাপত্তামূলক কাজ যথারীতি পরিচালিত হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বন্ধ থাকলেও গ্রাহক ভোগান্তি এড়াতে এটিএম বুথ, কার্ড সার্ভিস এবং অনলাইন ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট এলাকা বা বন্দরঘেঁষা ব্যাংক শাখাগুলোতে বিশেষ ব্যবস্থাপনায় সেবা চালু রাখা হতে পারে।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে অসাম্প্রদায়িক চেতনার ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এ বিষয়ে বলেন, “প্রধানমন্ত্রী এক দিন ছুটি বাড়িয়েছেন, কিন্তু এর ফলে আমরা পাচ্ছিনা টানা পাঁচ দিনের ছুটি। এতে করে উৎসব উদ্যাপন অনেক বেশি পরিপূর্ণ ও স্বস্তিদায়ক হবে। তা ছাড়া চাহিদার চেয়েও বেশি অনুদান প্রদান সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর অত্যন্ত সদয় ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।”

দক্ষ ও সুষম এই প্রশাসনিক সিদ্ধান্তের ফলে দেশের সংখ্যালঘু সম্প্রদায় উদ্দীপ্ত পরিবেশে উৎসব উদ্যাপনের সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.