× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের স্বার্থ সফলভাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ এএম । আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে চার কর্মদিবসের নিবিড় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকায় প্রত্যাবর্তনের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহ্দী আমিন উল্লেখ করেন, নিউইয়র্কে চার কর্মদিবসে প্রধানমন্ত্রী মোট ৩০টি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ১১টি দ্বিপাক্ষিক বৈঠক, জাতিসংঘ সাধারণ পরিষদ সংশ্লিষ্ট আটটি উচ্চপর্যায়ের সম্মেলন এবং ১১টি প্রাতিষ্ঠানিক কর্মসূচি ছিল। সফরসঙ্গীসহ বাংলাদেশ প্রতিনিধিদল সম্মিলিতভাবে প্রায় ৮০টি কর্মসূচিতে দেশের প্রতিনিধিত্ব করেছে।

মুখপাত্র জানান, এসব দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে তিনি দাবি করেন।

সাধারণ অধিবেশনে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন এবং একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও জনকল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার রূপকল্প উপস্থাপন করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, কর্মসংস্থান এবং তরুণ ও নারী ক্ষমতায়নে গৃহীত সরকারি নীতিমালা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।

মাহ্দী আমিন বলেন, "জাতিসংঘ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় সভাকক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধিদলের ওয়াকআউট বিশ্বমঞ্চে ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকারের পক্ষে ঢাকার দৃঢ় অবস্থানেরই বহিঃপ্রকাশ।" এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে এবং সহায়তার আশ্বাস দিয়েছে।

দীর্ঘদিন পর দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোনো সরকারপ্রধান বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে উত্থাপিত বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে এখন অগ্রাধিকার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এই সফরকে দেশের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন বার্তা হিসেবে অভিহিত করেন। তিনি জানান, অতীতে রাষ্ট্রীয় সফরে বিমানবন্দরে দলীয় নেতা-কর্মীদের ভিড় জমানোর প্রথা প্রধানমন্ত্রী নিরুৎসাহিত করেছেন, যা রাজনৈতিক সংস্কৃতিতে এক গুণগত পরিবর্তন এনেছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের পরিবর্তে কমার্শিয়াল ফ্লাইটে মাত্র ৩৫ সদস্যের ছোট বহর নিয়ে নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। চার কর্মদিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আজ সকালে তিনি টার্কিশ ও এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.