× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির অফিসে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে যোগ দিলেন জাইমা রহমান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:১০ পিএম । আপডেটঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পাওয়া ব্যারিস্টার জাইমা রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি বিষয়াদি দেখভালের জন্য ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বসংস্থার সদর দপ্তরে গত ৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পর তাঁর ৪০ সদস্যের নতুন ক্যাবিনেট প্যানেলে যুক্ত হলেন জাইমা।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে নিযুক্ত কর্মকর্তাদের এই শক্তিশালী প্রতিনিধিদলে স্থান পাওয়া ছয়জন দক্ষ বাংলাদেশির মধ্যে একজন জাইমা রহমান। জ্যেষ্ঠ কূটনীতিকদের সমন্বয়ে গঠিত এই আন্তর্জাতিক টিম পরিচালনা ও বিশ্বসংস্থার আইনি পরিকাঠামো মূল্যায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। পেশাগত যোগ্যতা প্রমাণের ধারাবাহিকতায় তিনি ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষায়ও সফলভাবে উত্তীর্ণ হন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান দম্পতির একমাত্র কন্যা।

সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ের প্রশাসনিক কাঠামোতে বড় ভূমিকা রাখছেন আরও কয়েকজন জ্যেষ্ঠ বাংলাদেশি কর্মকর্তা। জাতিসংঘ প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এই ক্যাবিনেটে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ (উপ-প্রধান) হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই প্যানেলে মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন। এ ছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে বিশ্বমঞ্চে কাজ করবেন।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের নিয়মিত বেতনভোগী কর্মী নন। তাই তাঁর প্রশাসনিক খরচ, আবাসন এবং কার্যালয়ের উচ্চপদস্থ টিমের বিভিন্ন আনুসঙ্গিক ব্যয় মূলত নিজ দেশ বা সরকার এবং নির্ধারিত ট্রাস্ট ফান্ডের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে এই নতুন আন্তর্জাতিক টিম সাধারণ পরিষদের বিশ্বশান্তি, আইনি পর্যালোচনা ও টেকসই উন্নয়ন নীতি বাস্তবায়নে কাজ অব্যাহত রাখবে। এমন এক বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশি তরুণ আইনজীবী জাইমা রহমানের এই নিয়োগ বৈশ্বিক আইনি কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রজন্মের অংশগ্রহণকে আরও দৃশ্যমান করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.