প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসস-এর।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, ঢাকা থেকে প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিটের ফ্লাইট শেষে বিমানটি ইস্তাম্বুলে পৌঁছে আড়াই ঘণ্টার বেশি সময় যাত্রাবিরতি করে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৫৫ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হোটেল ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’-এ নিয়ে যাওয়া হবে। জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। দায়িত্ব গ্রহণের পর বিশ্বসংস্থার সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে প্রধানমন্ত্রীর জন্য এটিই প্রথম অংশগ্রহণ, যার মাধ্যমে বিশ্বমঞ্চে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও রূপরেখা ফুটে উঠবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফরসূচি। সকালে জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতঃরাশে অংশ নিয়ে তিনি সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে অনুষ্ঠিত অভ্যর্থনা সভায় সস্ত্রীক উপস্থিত থাকবেন তিনি।
সফরে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের একটি সভায় বিশ্বশান্তি ও জলবায়ু সুবিচারের দাবিতে তিনি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করবেন। একই দিন বিকেলে সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দ্বিপাক্ষিক কূটনীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিবসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং কুয়েত, পাকিস্তান, থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি মেটা ও ওয়াল স্ট্রিটের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, তথ্যপ্রযুক্তি ও তরুণদের কর্মসংস্থান নিয়ে আলোচনা করা হবে। ২৫ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে তাঁর নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
