× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর লেকগুলোর দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ এএম । আপডেটঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ এএম

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে রাজধানীর লেকগুলোর দূষণ প্রতিরোধ ও নগর উন্নয়ন বিষয়ক পর্যালোচনার পর দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের ক্ষতিকর দূষণ রোধ এবং পরিবেশগত সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিত কার্যক্রম জোরদার করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে সভাপতি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ অনতিবিলম্বে বন্ধ করা, নিয়মিত বর্জ্য অপসারণ, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং রাজউক, ওয়াসা ও সিটি করপোরেশনের চলমান সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

বৈঠকে গুলশান-বনানীসহ অভিজাত এলাকার লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশের প্রধান উৎস হিসেবে চিহ্নিত ১২টি পয়েন্টের (৬টি প্রাইমারি ও ৬টি সেকেন্ডারি) বিপরীতে গঠিত কারিগরি কমিটির স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ পর্যালোচনা করা হয়। ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রযোজ্য ভবনগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে এসটিপি স্থাপন বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেসব বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলোর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সমন্বিত অভিযান পরিচালনার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

উপ-প্রেস সচিব জানান, "লেকে ভাসমান বর্জ্য দ্রুত অপসারণে যান্ত্রিক নৌকার সংখ্যা ২ থেকে ১০টিতে উন্নীত করার এবং ভাসমান এক্সক্যাভেটরের মাধ্যমে তলদেশের ক্ষতিকর স্লাজ অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।" পাশাপাশি পানিতে অক্সিজেনের মাত্রা বাড়াতে এরেটর মেশিন স্থাপন এবং দুর্গন্ধ নিরসনে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির আধুনিক প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজউকের আওতাধীন লেকগুলোর পরিচর্যায় ইতোমধ্যে ৪২ সদস্যের পাঁচটি বিশেষ দল কাজ শুরু করেছে বলে বৈঠকে তুলে ধরা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ধানমন্ডি লেকের স্লাজ অপসারণ ও উন্নয়ন পাইলট প্রকল্প পরিদর্শন শেষে সরকার প্রধান জানান, রাজধানী ঢাকার প্রাকৃতিক সৌন্দর্য ও জলাশয় রক্ষায় কোনো শিথিলতা সহ্য করা হবে না।

উচ্চপর্যায়ের এই বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.