× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ এএম । আপডেটঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ এএম

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত

ভারতে আত্মগোপনে থাকা পলাতক ফ্যাসিবাদ ও বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাড়েও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্কের নানা মাত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের কাঠামোর ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ককে নতুন ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় অভিমত প্রকাশ করেন। একই সাথে বিদ্যমান যেকোনো চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে নিরসনের বার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সংহত করার ওপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন ও ক্রীড়া খাতের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের অপার সম্ভাবনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবন খাতে দুই দেশের উদীয়মান তরুণদের যুক্ত করে বহুমুখী সহযোগিতা জোরদারের বিষয়ে মাহ্দী আমিন ও দীনেশ ত্রিবেদী একমত প্রকাশ করেন।

পরবর্তী দিনগুলোতে দুই বন্ধুপ্রতীম দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের গতিশীলতা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.