'ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, সময়ের পরিবর্তনের সাথে সমাজের বাস্তবতা বদলেছে এবং মাদকের ভয়াবহতা ও নানা বৈষম্য থেকে তরুণদের রক্ষা করতে চলচ্চিত্র নির্মাতারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, সরকার, চলচ্চিত্র পরিচালক ও সংশ্লিষ্ট সবাই মিলে একসাথে কাজ করলে বাংলাদেশের সিনেমাকে আবারো তার পুরোনো ও গৌরবোজ্জ্বল স্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে 'ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬' উপলক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেন, "একটি সময় সিনেমা যে বার্তা দিতো, তা আমরা হয়তো চোখ দিয়ে দেখতাম কিন্তু তা আমাদের হৃদয়ে গেঁথে যেত। প্রতিটি সিনেমায় নিজস্ব চরিত্র ও স্পষ্ট বার্তা থাকা উচিত। প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনসহ গুণী নির্মাতাদের প্রতিটি সিনেমায় সামাজিক ও মানবিক বার্তা ছিল।"
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিএফডিসির উন্নয়ন ও সামগ্রিক শিল্প পুনর্গঠনে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনার কথা ব্যক্ত করেন। তিনি জানান, "অতীতের সোনালি দিনগুলোর তুলনায় আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যে পর্যায়ে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়তো হয়ে ওঠেনি। শুধু এফডিসিকেন্দ্রিক নয়, বরং পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে কীভাবে পুনরুজ্জীবিত ও উন্নত করা যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।"
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী চলচ্চিত্র খাতের স্বকীয়তা ও গৌরব ফিরিয়ে আনতে অংশীজনদের সাথে আলোচনা করে একটি আধুনিক রূপরেখা তৈরি করবে। কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, "ছোটবেলায় প্রতিদিন এফডিসিতে রেকর্ডিং করতাম। এখান থেকে হাজার হাজার কালজয়ী গান সৃষ্টি হয়েছে। চলচ্চিত্র পরিচালকদের কারণেই আমি আজ সাবিনা ইয়াসমিন হতে পেরেছি।"
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা), এ জে মিন্টু, কাজী হায়াৎ, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু, ড. মতিন রহমান ও মশিউদ্দীন শাকেরের মতো গুণী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, পরিচালক সমিতির মহাসচিব শাহিন কবির টুটুলসহ দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দিনে বস্তুনিষ্ঠ ও বার্তাভিত্তিক চলচ্চিত্র নির্মাণের যৌথ অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
