× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, বজায় থাকবে ইতিবাচক ধারা: মাহ্দী আমিন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ এএম । আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ এএম

সরকারের সাত মাসপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিল্পকারখানা সচল রাখতে এবং অর্থনীতির গতি ধরে রাখতে দেশে ইতোমধ্যে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে এবং এই ইতিবাচক ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে গত সাত মাসে ১৬ বছরের বৈষম্য ও ধ্বংসস্তূপ সামলে নিয়ে জনকল্যাণ, সুশাসন ও অর্থনীতি পুনর্গঠনে বহুমুখী সংস্কারের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে সরকারের গত সাত মাসের অগ্রগতি ও সাফল্য তুলে ধরে এসব তথ্য জানান মাহ্দী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী ব্যবসায়ী ও গণমাধ্যমের সাথে বৈঠকে গ্যাস সরবরাহ সংকট দূর করার যে দ্রুত প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইতোমধ্যেই তার বাস্তবায়ন শুরু হয়েছে এবং দীর্ঘমেয়াদে গ্যাস সংকট মেটাতে দেশজুড়ে প্রথম ধাপে ১৫০টি নতুন কূপ খনন কর্মসূচির কাজ শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে মুখপাত্র আরও জানান, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডি’স বাংলাদেশকে নেতিবাচক থেকে 'স্থিতিশীল' অবস্থানে উন্নীত করেছে, যা আন্তর্জাতিক বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমে আসছে। এছাড়া, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে তেলের দামে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ওপর চাপের বোঝা লাঘব করা হচ্ছে।"

তিনি আরও বলেন, গত এক মাসে প্রাতিষ্ঠানিক সুশাসন ও সামাজিক সুরক্ষায় অভূতপূর্ব পরিবর্তন আনা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন ২০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার টাকার নতুন পে-স্কেল অনুমোদন, অবসরপ্রাপ্তদের নিট পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সম্প্রসারণ এবং সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টের অনুদান বৃদ্ধি করা হয়েছে। পাশাপশি, গত পাঁচ মাসে সরকার পূর্বের পর্বতমাল্লা সম ঋণের বোঝা সত্ত্বেও কোনো খেলাপি ছাড়া রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ ডলারের আন্তর্জাতিক ঋণ পরিশোধ করেছে।

মুখপাত্র মাহ্দী আমিন জানান, জুলাই গণঅভ্যুত্থানের আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদ পরিবারের সদস্যকে ইতোমধ্যেই সরকারি চাকরির স্থায়ী নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং গণহত্যায় জড়িত ৭ ফ্যাসিবাদী নেতার মৃত্যুদণ্ড নির্দেশ প্রদান করেছে আদালত। দণ্ডপ্রাপ্তদের বাজেয়াপ্ত সম্পদ জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ ও আহত পরিবারদের ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।

আইনশৃঙ্খলা ও অবকাঠামো খাতের অগ্রগতির বিষয়ে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন এবং চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সীমান্ত রক্ষা ও সার্বভৌমত্ব সুসংহত করতে চীন থেকে ২০টি চতুর্থ প্রজন্মের জে-১০ সি সুপারসনিক যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং বিজিবিকে নিজস্ব ড্রোনে সজ্জিত করতে সিলেটে বিশেষায়িত ড্রোন সেন্টারের ভিত্তি স্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, "ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপ থেকে নতুন বাংলাদেশকে পুনর্গঠনের এ যাত্রায় সরকারের মূল শক্তি হলো জনগণ। 'সবার আগে বাংলাদেশ'—এই দর্শনকে পাথেয় করে দল-মত-পথের উর্ধ্বে উঠে আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও স্বনির্ভর মানবিক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।"

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.