× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

র‌্যাব বিলুপ্ত করে পাস হলো ‘এসআরবি’ বিল

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ এএম । আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ এএম

সংসদ অধিবেশন। ফাইল ছবি

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচিত বিশেষায়িত বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিরোধী দলের তীব্র আপত্তি ও সুরক্ষার প্রশ্ন তুলে সংশোধনী প্রস্তাব নাকচের পর কণ্ঠভোটে বিলটি অনুমোদন পায়। তবে নতুন আইনে র‌্যাবের অবকাঠামো, অস্ত্র, দায়দেনা ও প্রেষণে নিয়োগের বিধান হুবহু বহাল রাখায় বিরোধী দল এটিকে “নতুন বোতলে পুরোনো মদ” হিসেবে অভিহিত করেছে।

সংসদে অনুমোদিত বিল অনুযায়ী, র‌্যাব বিলুপ্তির পর এর সমস্ত জনবল, স্থাবর-অস্থাবর সম্পত্তি, রেজিস্টার, অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম নতুন গঠিত এসআরবির অধীনে স্থানান্তরিত হবে। অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই বাহিনী পুলিশ বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। তবে পুলিশ ব্যতীত অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও কর্মকর্তাদের প্রেষণে নিয়োগের পথ খোলা রাখা হয়েছে, যা সামরিক বাহিনীর সদস্যদের যুক্ত করার বিতর্ককে ফের উসকে দিয়েছে।

আইনের কাঠামোগত দুর্বলতা নিয়ে বিরোধী দল ও মানবাধিকারকর্মীরা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। সংসদে আলোচনার সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, “জনগণের দাবি ছিল এই বিতর্কিত বাহিনীর পূর্ণ বিলুপ্তি, নতুন মোড়কে রূপান্তর নয়। হুবহু পুরোনো কাঠামো বজায় রেখে এই বিল পাস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” আইনটিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি এটিকে জনআকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেন।

অপরদিকে বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, “২৭ ধারা অনুযায়ী র‌্যাবের যাবতীয় সম্পদ ও দায়দায়িত্ব সরাসরি এসআরবির কাছে হস্তান্তর হওয়ায় র‌্যাবের বিরুদ্ধে অতীতের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।”

বিতর্কের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা র‌্যাব বিলুপ্ত করেছি। নতুন বাহিনীর কাছে অবকাঠামো ও সরঞ্জাম হস্তান্তরের সিদ্ধান্ত রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতেই নেওয়া হয়েছে। এসআরবির সঙ্গে র‌্যাবের কোনো সরাসরি সংস্পর্শ থাকবে না।”

এ বিষয়ে মানবাধিকারকর্মী মো. নূর খান প্রশ্ন তুলে বলেন, “সামরিক কাঠামোর সংমিশ্রণ এড়িয়ে পুলিশের ভেতর থেকেই প্রশিক্ষিত বিশেষ ইউনিট করা যেত। পুরোনো কাঠামো রেখে এই আইন পাসের মাধ্যমে সরকার কি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর অতিমাত্রায় নির্ভর হয়ে পড়ছে?”

গতকাল এসআরবি বিল পাসের পর একই অধিবেশনে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬’ পাস করা হয়। নতুন এই বিলে এপিবিএন-কে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি ও গ্রেপ্তারের বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে, যা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা প্রয়োগের নীতিতে নতুন মাত্র যুক্ত করল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.