সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নতুন বেতনকাঠামোর অনুমোদন সংক্রান্ত তথ্য তুলে ধরছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত
সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকে তিনটি ধাপে কার্যকর হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বেতনকাঠামো চূড়ান্ত অনুমোদন পায়। নিম্ন ও স্বল্প আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনায় রেখে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রথম ধাপেই বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকরের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
নতুন অনুমোদন পাওয়া এই বেতনকাঠামো অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে কর্মচারীদের শতভাগ বর্ধিত মূল বেতন নিশ্চিত করা হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে এর সাথে যুক্ত সকল ভাতা একযোগে কার্যকর করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুসারে, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রথম ধাপে ৫০ শতাংশ, ২০২৭ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ (মোট ৭৫ শতাংশ) এবং ২০২৭ সালের জুলাইয়ে তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ বর্ধিত মূল বেতন পাবেন।
অন্যদিকে, ১মে থেকে ৯ম গ্রেডের প্রথম শ্রেণির কর্মকর্তাদের ক্ষেত্রে এই বাস্তবায়ন হবে কিছুটা ভিন্ন হারে। তাঁদের জন্য প্রথম ধাপে গত ১ জুলাই থেকে ৪০ শতাংশ বর্ধিত মূল বেতন দেওয়া হবে। পরবর্তীতে ২০২৭ সালের ১ জানুয়ারি দ্বিতীয় ধাপে আরও ৩০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে তৃতীয় ধাপে অবশিষ্ট ৩০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে শতভাগ মূল বেতন সমন্বয় করা হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন বেতনকাঠামোর বিস্তারিত রূপরেখা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “তাহলে হয়তো ছয় মাসে প্রথম একটা অংশ চলে যাবে। এই জুলাই থেকে কার্যকর হবে। ছয় মাস পরে আরেকটি অংশ কার্যকর হবে। আর শেষে আরেকটা ইফেক্টিভ হবে। ২০২৭ সালের শেষ নাগাদ মূল তিন ধাপে বেতন দেওয়া শেষ হবে এবং ২০২৮ সাল থেকে বেতন ও ভাতা সবই একযোগে চালু হবে।”
মন্ত্রিসভার এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। তবে ধাপে ধাপে বেতন বৃদ্ধির এই প্রক্রিয়া সরকারের রাজস্ব বাজেটের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে তদারকি অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
