× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৫ আগস্ট ২০২৬, ২১:৩২ পিএম । আপডেটঃ ২৫ আগস্ট ২০২৬, ২১:৩৫ পিএম

সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সৌজন্যে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান ও প্রচলিত আইন সম্পূর্ণ মেনে নিয়ে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়ায় আইনি বা সাংবিধানিক কোনো ব্যত্যয় ঘটেনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থান স্পষ্ট করেন।

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা প্রশ্ন ওঠে। গত শুক্রবার তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন, যার আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাংবাদিকদের সরাসরি প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “প্রথম কথা হলো আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো এই সরকার যা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে ব্যত্যয় কোনো কিছু ঘটেনি। যা করেছি সাংবিধানিকভাবে করেছি। যখন শপথ দেওয়া হয়েছে, আমরা সাংবিধানিকভাবেই দিয়েছি।”

এদিকে, সুবিধাবঞ্চিত নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, ন্যায়বিচার প্রাপ্তি এবং সমন্বিত সেবা নিশ্চিত করতে অনুষ্ঠানটিতে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সমাজসেবা অধিদপ্তর’, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘মহিলাবিষয়ক অধিদপ্তর’ এবং আইন ও বিচার বিভাগের ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’-এর মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।

আইনমন্ত্রী অনুষ্ঠানে বলেন, “আইনি সহায়তা পাওয়া প্রত্যেক মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকার। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে দেশে সরকারি পর্যায়ে লিগ্যাল এইডের ধারণার সূত্রপাত হয়। তিনি চেয়েছিলেন, যাদের আইনি লড়াই চালানোর আর্থিক সামর্থ্য নেই, রাষ্ট্র তাদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করুক।”

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণসচিব মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশুবিষয়ক সচিব ইয়াসমীন পারভীন এবং আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা উপস্থিত ছিলেন।

তিনটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সমন্বিত এই সমঝোতা স্মারকের ফলে দেশের প্রান্তিক ও অসচ্ছল জনগোষ্ঠী এখন থেকে আইনি সুরক্ষার পাশাপাশি দ্রুত সামাজিক সাহায্য ও আইনি বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সুফল পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.