× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্রান্সের রাফালকে টেক্কা দেওয়া চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৫ আগস্ট ২০২৬, ১৮:২৪ পিএম । আপডেটঃ ২৫ আগস্ট ২০২৬, ১৮:২৫ পিএম

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, রাষ্ট্রীয় আকাশসীমার সুরক্ষা ও সার্বভৌমত্ব জোরদারে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে অগ্রসর হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ সরকার বিশ্বমানের প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে চীনের তৈরি সর্বাধুনিক ‘জে-১০সিই’ (J-10CE) মাল্টিরোল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় অত্যন্ত ইতিবাচক ও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান প্রতিরক্ষা খাতের এই গুরুত্বপূর্ণ অগ্রগতির তথ্য তুলে ধরেন। সম্প্রতি বাংলাদেশ চীনা প্রযুক্তির এই ৪.৫ প্রজন্মের ফাইটার জেট কেনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে—এমন আলোচনার মধ্যেই সরকারের শীর্ষ পর্যায় থেকে অফিসিয়ালি এই অবস্থানের কথা জানানো হলো।

তথ্য উপদেষ্টা বলেন, “সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল, সেটা করেছিল চাইনিজ জে-১০। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার, এখন রাফালকে বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা। তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো, বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।”

প্রতিরক্ষা বাজেটের সঠিক ব্যবহার এবং ইউরোপীয় প্রযুক্তির তুলনায় সাশ্রয়ী মূল্যের বিষয়টিও সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়। তিনি জানান, একই মানের পশ্চিমা বা ইউরোপীয় ফাইটার জেটের তুলনায় চীনা বিমানের ব্যয় অনেকটাই যৌক্তিক ও সাশ্রয়ী।

উপদেষ্টা উল্লেখ করেন, “একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির রাফাল বলি বা ইউরো ফাইটার টাইফুন বলি, ইউরোপীয়ান ভ্যারিয়েন্টের তার তুলনায় চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম।”

প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এই প্রক্রিয়া শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তা সুসংহত করবে বলে সরকার আশাবাদী। উপদেষ্টা বলেন, “আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে।”

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় চীনা জে-১০সিই ক্রয়ের এই উদ্যোগ বিমানবাহিনীর আধুনিকায়ন ও প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.