মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি: পিআইডি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, দেশে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন সৃষ্টি হোক—সরকারের পক্ষ থেকে এমন মানসিকতা নেই। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, সার্বিক নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই কেবল দু-একটি ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়ে থাকে, যার সঙ্গে সরকারের নীতির কোনো সম্পর্ক নেই।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালযয়ের সভাকক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও নীতিগত নানা সিদ্ধান্ত তুলে ধরা হয়। এতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
সারাদেশে আয়োজিত বিভিন্ন কনসার্ট বন্ধ বা বাতিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, “কোনো কনসার্ট বাতিল হওয়া মানেই যে সরকার সহযোগিতা করছে না, বিষয়টি মোটেও তেমন নয়। হয়তো সেখানে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ইস্যু জড়িত ছিল। কারণ এই সময়েও বাংলাদেশে অনেক বড় বড় কনসার্ট নির্বিঘ্নে আয়োজিত হচ্ছে।”
মন্ত্রী আরও বলেন, “আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে কালচারাল (সাংস্কৃতিক) কোনো ব্যাপারে বাধাবিঘ্ন সৃষ্টি হোক। এ ধরনের চিন্তা আমরা লালন করি না।”
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনের স্থিতিশীলতায় লক্ষণীয় ও দৃশ্যমান পরিবর্তন এসেছে।
তিনি উল্লেখ করেন, “আমরা সবাই একমত যে বিগত ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমান সরকারের মেয়াদে অপ্রীতিকর ঘটনা 'ড্রামাটিক্যালি' বা নাটকীয়ভাবে কমে এসেছে। তবে বিচ্ছিন্নভাবে যে দু-একটি ঘটনা ঘটছে না, তা পুরোপুরি অস্বীকার করা যাবে না।”
সরকারের নীতি নির্ধারক মহল মনে করছে, স্বাধীন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারি ভূমিকা বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা বহাল রয়েছে। ভবিষ্যতে সার্বিক নিরাপত্তার অজুহাতে যেন অযাচিত কোনো সাংস্কৃতিক আয়োজন স্থগিত না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকেও সতর্ক রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
