× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রাথমিক ও গণশিক্ষা এবং জ্বালানিসহ চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৬ আগস্ট ২০২৬, ২১:২০ পিএম । আপডেটঃ ০৬ আগস্ট ২০২৬, ২১:২২ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে ও পদ শূন্যতা পূরণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পদোন্নতি ও রদবদলের মাধ্যমে এই রদবদল সম্পন্ন করে আজ বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিদায়ী সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান খান গত ২৯ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগদান করায় পদটি ফাঁকা হয়েছিল। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গত ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যাওয়া সাবেক সচিব মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রশাসনের শীর্ষপর্যায়ে সামনে আরও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসেই মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ ছাড়া অর্থ সচিবের অবসর গ্রহণের সময় ঘনিয়ে আসা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের শূন্য সচিব পদ পূরণের প্রস্তুতি চলায় শিগগিরই প্রশাসনে বড় ধরনের নতুন রদবদল দেখা যেতে পারে।

নিয়োগের প্রক্রিয়া প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, “সচিব পর্যায়ের প্রতিটি পদে নিয়োগ বা পদায়ন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত হয়। সেখান থেকে নির্দেশনা আসার পর পরই প্রশাসনিক আদেশ জারি করা হয়।”

কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক এই প্রশাসনিক পুনর্গঠন ও সম্ভাব্য নতুন পদায়নগুলো নতুন সরকারের নীতি বাস্তবায়ন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.