× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই আন্দোলনের সফলতা জনগণের, কোনো একক দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাসস

০৫ আগস্ট ২০২৬, ০৩:১৯ এএম । আপডেটঃ ০৫ আগস্ট ২০২৬, ০৩:২০ এএম

রাজধানীর কেআইবি মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বাংলাদেশে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান সম্পূর্ণভাবে গণমানুষের আন্দোলন ছিল এবং জনগণ রাজপথে নেমে পরিবর্তন চেয়েছে বলেই তা চূড়ান্ত সফলতা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং জুলাই জাগরণের ঐতিহাসিক সাফল্যকে কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং সমগ্র জাতির অর্জন হিসেবে উল্লেখ করে তিনি এখন দেশ পুনর্গঠন ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী বলেন, "আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা কোনো একক রাজনৈতিক দলের নয়। বিগত ১৭ বছর এই দেশের মানুষ, বিএনপির নেতাকর্মী ও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো মাঠে ছিল। আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি।"

রাজনৈতিক তরজা ও রাজপথের আন্দোলন পেছনে ফেলে দেশ পুনর্গঠনে দৃষ্টি দেওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "অনেক আন্দোলন, সংগ্রাম ও তর্কবিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। যারা এখনো চক্রান্ত করতে চায়, তাদের বিষয়ে ধৈর্যসহকারে ঠান্ডা মাথায় সজাগ দৃষ্টি রাখতে হবে এবং জনগণকে সতর্ক করতে হবে।"

তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিই প্রথম রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা তুলে ধরেছিল, তা মিত্রদলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে '৩১ দফা'য় রূপ নেয়। নির্বাচনে দেশের মানুষ এই রূপরেখায় পূর্ণ আস্থা ও ম্যান্ডেট দেওয়ায় এটি এখন সমগ্র জনগণের জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর দেখা গেছে যে বিগত শাসনামলে দেশ থেকে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এবং প্রতিটি খাতকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। ভঙ্গুর অর্থনীতি ও বিভাজিত প্রশাসনের মধ্য দিয়েই বিএনপি সরকার দ্রুততম সময়ে জনগণের দুর্ভোগ কমাতে নানা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে মিয়ানমার থেকে গ্যাস আমদানির আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার ‘পেট্রোনাস’ কোম্পানির মাধ্যমে দ্রুততম সময়ে কনটেইনারের সাহায্যে এলএনজি আনার চুক্তি চূড়ান্ত হয়েছে। নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘদিন অকার্যকর রাখা ‘বাপেক্স’-কে পুনরুজ্জীবিত করে দুটি নতুন রিগ কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রতিমন্ত্রী মো. নূরুল হকসহ সমমনা রাজনৈতিক জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.