২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ৩২ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসনিক বিধিমালা অনুযায়ী এ-সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের বিতর্কিত প্রশাসনিক ভূমিকা এবং ‘রাতের ভোট’খ্যাত নির্বাচনের মূল বাস্তবায়কের দায়িত্বে থাকায় তাঁদের বিরুদ্ধে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তার প্রত্যেকেরই সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে তাঁদের প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া জরুরি বিবেচনা করায় এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়ম অনুযায়ী অবসরে পাঠানো এসব কর্মকর্তা প্রচলিত বিধি মেনে অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন।
বাধ্যতামূলক অবসরে যাওয়া শীর্ষ কর্মকর্তাদের তালিকায় রয়েছেন তৎকালীন বিতর্কিত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, অঞ্জন চন্দ্র পাল, এ কে এম মামুনুর রশিদ, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আহাদ, মো. জসিম উদ্দিন, সরোজ কুমার নাথ, মো. শহিদুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, এস এম অজিউর রহমান, মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, মতিউল ইসলাম চৌধুরী, নাজিয়া শিরিন, সুলতানা পারভীন, আনার কলি মাহবুব, মোহাম্মদ হেলাল হোসেন, সৈয়দা ফারহানা কাওনাইন, সারওয়ার মুর্শেদ চৌধুরী, মাহমুদুল কবীর মুরাদ, আলী আকবর, এস এম আব্দুল কাদের, এস এম ফেরদৌস এবং গোপাল চন্দ্র দাশ।
উল্লেখ্য, ২০১৪ সালে বিরোধী জোটের বর্জনের মুখে একতরফা নির্বাচনের পর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীরা অংশ নিলেও নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার নজিরবিহীন অভিযোগ ওঠে। তৎকালীন জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে সেই বিতর্কিত নির্বাচন পরিচালনায় মূল ভূমিকায় ছিলেন। সম্প্রতি জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে পুলিশের শীর্ষ পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকেও একইভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রশাসনের সর্বস্তরে দলীয়করণমুক্ত ও নিরপেক্ষ পরিবেশ ফিরিয়ে আনতেই সরকারের এই কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
