বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি বিশ্বাস করেন আজকের শিশু-কিশোররাই আগামী দিনের সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়ার মূল কারিগর।প্রধানমন্ত্রী বলেন, “আজকে যে প্রতিযোগিতাটি আপনারা দেখে গেলেন, এই প্রতিযোগিতা ও এই শিশু-কিশোররাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারো। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হব।”
সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের এই জমকালো সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় মাঠে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বালিকাদের ফুটবল ফাইনাল ম্যাচ উপভোগ করেন। বালিকা ফুটবলে রংপুর অঞ্চল ৪-০ গোলে রাজশাহী অঞ্চলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, বালকদের উত্তেজনাপূর্ণ ফাইনালে ময়মনসিংহে ১-০ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে সিলেট অঞ্চল। খেলা শেষে প্রধানমন্ত্রী বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন।
উপস্থিত হাজারো শিশু-কিশোর ও উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রেরণা দিয়ে প্রধানমন্ত্রী দেশ গড়ার কাজে তাদের সশরীর অংশ নেওয়ার আহ্বান জানান। পরিবেশ রক্ষা, যত্রতত্র ময়লা না ফেলা, নিজ উদ্যোগে খাল-পুকুর পরিষ্কার রাখা, প্রতি বছর অন্তত একটি করে বৃক্ষরোপণ করা এবং গবাদিপশু ও বন্যপ্রাণীর প্রতি সদয় হওয়ার মতো সামাজিক শিক্ষার বার্তা দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণমাধ্যমের প্রতি উদ উদীয়মান তরুণদের এই ক্রীড়াযজ্ঞের খবরকে মূল সংবাদের শিরোনাম হিসেবে গুরুত্ব দেওয়ার বিশেষ অনুরোধ জানান।
“শিক্ষার্থীদের মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ দিতে এই সরকার নিরলস কাজ করছে। তবে দেশ গঠনের এই পথচলায় আমার ছোট বন্ধুদের সহযোগিতা চাই। আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, নিয়মিত গাছ লাগানো এবং প্রাণীদের ভালোবাসা—এই ছোট ছোট উদ্যোগই আমাদের চারপাশ বদলে দেবে।”
— তারেক রহমান, প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
ক্ষুদে খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও অনুশীলনের পরিবেশ নিশ্চিতে অভিভাবকদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারপ্রধান। উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই। ৮টি ভিন্ন ইভেন্টে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ এতে অংশ নেয়। সরকারের এই জাতীয় উদ্যোগ দেশের তৃণমূল থেকে নতুন ক্রীড়া প্রতিভা তৈরি এবং ক্রীড়াকাঠামো শক্তিশালী করতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
