মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসীদের সুবিধা প্রদান সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী আফরোজা খানম। ছবি: পিআইডি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রবাসী কার্ডধারী বাংলাদেশিদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা ও সেবা সহজীকরণের অংশ হিসেবে এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, "আমাদের প্রবাসী ভাইদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি। প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে।"
মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের যাতায়াত সহজ করতে সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। যা যাত্রীসেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
প্রবাসীদের জন্য সুবিধার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রবাসীদের অবদানের মূল্যায়নে সরকার নতুন নতুন সেবা যুক্ত করছে।
তিনি জানান, প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক পরিচালিত দেশজুড়ে ছড়িয়ে থাকা হোটেল ও মোটেলগুলোতে বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরে যেন প্রবাসীদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়, সে জন্য দ্রুততম সময়ে অগ্রাধিকারমূলক চেক-ইন ও বোর্ডিং ব্যবস্থা চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভার শুরুতে প্রবাসীদের জন্য বিশেষ কার্ড উদ্যোগের কার্যকর রূপরেখা তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, প্রবাসী কার্ড উদ্যোগটি সরকারের একটি অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সেবা প্রাপ্তি আরও গতিশীল ও সম্মানজনক করা হচ্ছে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চল বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে দ্রুততম সময়ে এসব সুবিধা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
