পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের আন্তরিক সদিচ্ছা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত দণ্ডিত আসামিদের প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের জোর তৎপরতার বিপরীতে দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছাই এখন মূল নিয়ামক।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, "রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোমেটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছার প্রয়োজন। আমরা আশা করব, ভারত সরকার এটা শেখ হাসিনাসহ যে সকল আসামিরা ওখানে আছে, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, তারা সেগুলোর রেসপন্স করবে এবং তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।"
তিনি উল্লেখ করেন, বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি এবং কূটনৈতিক রীতিনীতি অনুসরণ করেই এই আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু শেখ হাসিনার সাজা হয়ে গেছে, তাই আইনগতভাবে তাঁর আর আত্মসমর্পণের সুযোগ নেই। ফলে বাংলাদেশে পা রাখামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এই জুলাই মাসে এটা বলতেই হবে। যারা রক্ত দিয়েছে। যারা মারা গেছে। যারা আহত অবস্থায় আছে। তাদের পরিবারের জন্য একটা ক্লোজার দরকার। তারা দেখতে চায় যে যারা তাদের ছেলেমেয়েদেরকে খুন করেছে। তাদের বিচারটা হচ্ছে। বাংলাদেশ সরকার খুবই আন্তরিকভাবে চেষ্টা করছে এবং আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফেরত আনা হোক।"
তবে এই প্রত্যর্পণ ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো অচলাবস্থা তৈরি হবে না বলে মনে করেন শামা ওবায়েদ। তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সংলাপ ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কোনো বিদেশ সফরের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সদ্য দুটি দেশ সফর শেষে প্রধানমন্ত্রী বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে ব্যস্ত রয়েছেন এবং পর্যায়ক্রমে অন্যান্য দেশের সঙ্গে সফর বিনিময় হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
