× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১০টার মধ্যে পদত্যাগ না করলে কাল ‘সচিবালয় লংমার্চ’: শিক্ষার্থীদের আলটিমেটাম

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৫ জুলাই ২০২৬, ২২:৩৪ পিএম । আপডেটঃ ১৫ জুলাই ২০২৬, ২৩:২১ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভরত বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্রের ভুল এবং অসম্মানজনক মন্তব্যের জেরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে শিক্ষার্থীদের ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পুলিশি বাধায় আটকে যাওয়ার পর সন্ধ্যায় প্রায় দেড় ঘণ্টা রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করে সন্ধ্যা সাড়ে সাতটায় আজকের মতো অবরোধ তুলে নিলেও আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সায়েন্স ল্যাব মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বেলা আড়াইটার দিকে পরীক্ষা শেষে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। পরে তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হতে থাকলে বিকেল চারটার দিকে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে পাঁচটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে রওনা দেন এবং সন্ধ্যা ছয়টায় শাহবাগ অবরোধ করেন, যার ফলে চারপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়া দুপুরের দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীদের আরেকটি অংশ।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনা ও পরীক্ষা পুনরায় নেওয়ার প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে তাঁর তাৎক্ষণিক অপসারণ দাবি করছেন। 

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ বলেন, "আমাদের দাবি এখন একটাই—শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলা করেছেন, তাঁকে পদে থাকার কোনো অধিকার নেই।"

একই ক্ষোভ প্রকাশ করে উত্তরার অবরোধে অংশ নেওয়া সাহাজউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ইকরা ইসলাম বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের ‘ফার্মের মুরগি’ বলেছেন। আমরা কি মুরগি? সে জন্য আমরা তাঁর অবিলম্বে পদত্যাগ চাই।" অন্যদিকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের পরীক্ষার্থী মেহেদী হাসান হামিম মন্ত্রীর নম্বর দেওয়ার আশ্বাসের সমালোচনা করে বলেন, "মন্ত্রী বলেছেন, যাঁরা ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁরা পূর্ণ নম্বর পাবেন। কিন্তু যাঁরা উত্তর করেননি, তাঁদের কী হবে? এভাবে আসলে একটা পরীক্ষা হতে পারে না।"

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, "রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করব।"

শিক্ষার্থীদের এই কঠোর আলটিমেটাম এবং লাগাতার রাজপথ অবরোধের মুখে চলমান এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রশাসনের স্থিতিশীলতা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ ও পরীক্ষা পুনরায় নেওয়ার নমনীয় আশ্বাস। অন্যদিকে রাজপথে শিক্ষার্থীদের একদফা দাবিতে অনড় অবস্থান—উভয় সংকটের মুখে সরকার আগামীকালকের ঘোষিত লংমার্চ ঠেকাতে কী ধরনের প্রশাসনিক বা রাজনৈতিক পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.