× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদেশে চিকিৎসা খাতে চলে যাচ্ছে বছরে ৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১২ জুলাই ২০২৬, ০২:২১ এএম । আপডেটঃ ১২ জুলাই ২০২৬, ০২:২৩ এএম

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের চিকিৎসকদের ওপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় করতে পারলে বিদেশে চিকিৎসার নামে প্রতিবছর চলে যাওয়া প্রায় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার সাশ্রয় করা সম্ভব। গতকাল শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে’-র মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের ডা. শামসুল আলম খান মিলন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে ৫ হাজার নতুন এমবিবিএস চিকিৎসক ও সরকারি পর্যায়ে আরও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগসহ বাজেট বরাদ্দ আগামী ৫ বছরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার এক মেগা পরিকল্পনা ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের পেশাগত অনন্য মর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে শুধু আইন বা অবকাঠামো দিয়ে স্বাস্থ্য খাতের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, "আমি বর্তমানে কর্মরত এবং ভবিষ্যৎ চিকিৎসক প্রত্যেকের কাছে প্রত্যাশা করি—আসুন না, কেন আমরা পারব না এই পরিস্থিতির পরিবর্তন করতে? প্রতিবছর বাংলাদেশ থেকে প্লাস-মাইনাস ফাইভ বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। মূল্যবান বৈদেশিক মুদ্রা বাঁচাতে আমাদের চিকিৎসকদের ওপরেই দেশের মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় করতে হবে। মানুষ বিপদে পড়লেই পরম বন্ধু ভেবে চিকিৎসকের কাছে যায় এবং তাকে ভরসার আশ্রয়স্থল মনে করে।"

দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর থেকে চাপ কমাতে এবং রোগ প্রতিরোধের ওপর জোর দিতে সরকার 'হেলথকেয়ারার' নিয়োগের একটি অভিনব পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে রোগ প্রতিরোধ (প্রিভেনশন)-এর ওপর করা উচ্চতর শিক্ষার সূত্র ধরে এই ভাবনার উদয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লাইফস্টাইল ও খাদ্যদ্রব্য সম্পর্কিত বেসিক ট্রেনিংপ্রাপ্ত এই হেলথকেয়ারাররা তৃণমূল পর্যায়ে কাজ করবেন। এর ফলে মানুষ মেডিকেল কলেজে আসার আগেই প্রাথমিক চিকিৎসা পেয়ে সুস্থ হতে পারবে এবং বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমে আসবে। চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলোতে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যে দেশের ইতিহাস ও জাতীয় সংকটে ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১৯৪৬ সালে মাত্র ১০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটিকে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সবশেষে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পাশে দাঁড়িয়ে ডিএমসির চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। তিনি আরও জানান, চলতি বাজেটে শিক্ষা খাতের পর স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা আগামী ৫ বছরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা সরকারের মূল লক্ষ্য।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ও ডিএমসির ৪৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে আসেন। তাঁরা যৌথভাবে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং ডা. জুবাইদা রহমানের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুসররাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং অধ্যক্ষ অধ্যাপক মো. মাজহারুল শাহীন বক্তব্য রাখেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.