× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গঙ্গার পানির গুরুত্ব মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে ভারত: শামা ওবায়েদ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ জুলাই ২০২৬, ০০:৫২ এএম । আপডেটঃ ১০ জুলাই ২০২৬, ০১:৩২ এএম

ফারাক্কা ব্যারেজ সংলগ্ন গঙ্গা নদীর প্রবাহ। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভারসাম্য বজায় রেখে গঙ্গা পানিবণ্টন চুক্তির গুরুত্ব অনুধাবন করে নয়াদিল্লি এর নবায়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আগামী ডিসেম্বরে দুই দেশের মধ্যকার ৩০ বছর মেয়াদি এই ঐতিহাসিক চুক্তির মেয়াদ শেষ হতে চলায় পানি নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সমীকরণে এটি এখন সবচেয়ে আলোচিত বিষয়। 

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় আলোচনার ওপর আস্থা প্রকাশ করে এই আশাবাদ ব্যক্ত করেন।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গা চুক্তি অনুযায়ী, প্রতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্ট থেকে পানি বণ্টন করা হয়। এই চুক্তিতে সংকটের সময়েও বাংলাদেশকে অন্তত ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া আছে। বর্তমানে সেই চুক্তির মেয়াদ শেষের পথে। যা নিয়ে দুই দেশের উচ্চপর্যায়ে নিবিড় যোগাযোগ চলছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে, সব আলোচনাতো দৃশ্যমান নয়। আলোচনাতো চলতে থাকে। যে দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে। সে আলোচনায় আমি বিশ্বাস করি, গঙ্গা চুক্তির গুরুত্বটা এবং গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কটাকে যেন কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নিবে।”

তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত জটিলতার কারণে গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে জনমনে একধরনের উদ্বেগ থাকলেও সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত একটি বিশেষ কমিটি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কার্যকর আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোই এখন ঢাকার প্রধান লক্ষ্য। শামা ওবায়েদ আরও বলেন, “আমরা মনে করি যে, এটা ইতিবাচক দিকেই আগাচ্ছে। গঙ্গাচুক্তির বেশি সময় নাই। কিন্তু আমাদের যে টিম মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। সেই টিম সেই কমিটিতো কাজ করছে ভারতের সঙ্গে।”

গঙ্গা চুক্তির সফল নবায়ন কেবল কৃষি ও পরিবেশগত সুরক্ষার জন্যই নয়। বরং ভারত ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও এক নতুন মাইলফলক হতে পারে। তবে এই সংবেদনশীল ইস্যুতে পরবর্তী পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক আলোচনার ওপরই নির্ভর করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.