× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ এএম । আপডেটঃ ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৬ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ পুলিশের বিসিএস ক্যাডারের ৩৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ প্রশাসনে চলমান সংস্কার ও রদবদলের অংশ হিসেবে এই বড় পদক্ষেপ নেওয়া হলো। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তবে বিদায়ী এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং চেইন অব কমান্ড বজায় রাখার স্বার্থেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের বড় অংশই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁদের পুলিশ সদরদপ্তরসহ বিভিন্ন ইউনিটে সংযুক্ত (ওএসডি) করা হয়েছিল। বর্তমানে এই কর্মকর্তাদের মধ্যে ২ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং বেশ কয়েকজন আত্মগোপনে রয়েছেন।

অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন—মোল্যা নজরুল ইসলাম (গ্রেপ্তার), মো. সাইফুল ইসলাম (গ্রেপ্তার), মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিয়ার রহমান, এস এম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান ও মো. মনিরুজ্জামান।

অতিরিক্ত ডিআইজিদের মধ্যে রয়েছেন—মো. বরকতুল্লাহ খান, এ টি এম মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুণ্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস এম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম ও মাশরুকুর রহমান খালেদ। এছাড়া অবসরে পাঠানো একমাত্র পুলিশ সুপার হলেন আবদুল্লাহ আরেফ।

বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আমল থেকেই পুলিশ বাহিনীকে বিতর্কযুক্ত ও জনবান্ধব করার প্রক্রিয়া শুরু হয়। আজকের এই গণ-অবসরের সিদ্ধান্ত সেই ধারাবাহিক প্রক্রিয়ারই একটি বড় অংশ। যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেইন অব কমান্ড পুনর্গঠনে গভীর প্রভাব ফেলবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.